পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না এখনও নিশ্চিত নয়। বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে উল্লেখ করে এক সপ্তাহ ধরে টুর্নামেন্ট বয়কট করার প্রসঙ্গটি নিয়ে তারা ভাবছে। এ বিষয়ে আজ আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।
জিও সুপারের খবর, পাকিস্তান বিশ্বকাপে যাবে কি না, এই সিদ্ধান্তের জন্য আজ দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বিশ্বকাপ ইস্যুতে তাদের হাতে একাধিক অপশন। যদি খেলে, তবে বয়কট করতে পারে ভারতের বিপক্ষে ম্যাচটি।
বয়কট ইস্যুকে সামনে রেখে গতকাল বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করেছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির টসের পর পাকিস্তানের জার্সি উন্মোচন করার কথা ছিল।
পাকিস্তান এই পথে হাঁটার কথা ভাবছে আইসিসি বাংলাদেশের দাবি মেনে টাইগারদের ম্যাচগুলো ভারতের বাইরে না সরানোয়। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিসিবি নিরাপত্তা শঙ্কা দেখিয়ে ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানায়। বেঁধে দেওয়া সময়েও বিসিবি সিদ্ধান্ত বদলায়নি। ফলে বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।
বিশ্বকাপ ব্যস্ততা নেই বলে বিসিবি ক্রিকেটারদের জন্য একটি টুর্নামেন্ট আয়োজন করছে। ‘অদম্য বাংলাদেশ টি-২০ কাপ’ নামে ওই টুর্নামেন্টে মোট ৩ দল অংশ নিচ্ছে। আড়াই কোটি টাকার প্রাইজমানির টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া তিনটি দল হলো- ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। জাতীয় টি-২০ দলের অধিনায়ক লিটন দাস ধূমকেতুকে নেতৃত্ব দেবেন। দুর্বার ও দুরন্ত একাদশের নেতৃত্বে আছেন যথাক্রমে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী।
জিও সুপার বলছে, পাকিস্তান বিশ্বকাপে না খেললে বিকল্প পরিকল্পনা ভেবে রেখেছে পিসিবি। ক্রিকেটারদের জন্য ৪ দলের একটি টুর্নামেন্ট আয়োজন করবে তারা। ভেন্যু হিসেবে লাহোরের কথা ভেবে রাখা প্রতিযোগিতাটির স্কোয়াডে দেখা যাবে পাকিস্তান জাতীয় দল ও শাহিনসের ক্রিকেটারদের।
