পাকিস্তান বয়কট করলেও কলম্বোয় ম্যাচ খেলবে ভারত: সূর্যকুমার

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে এই ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট-তারা ম্যাচ খেলতে প্রস্তুত। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, ম্যাচ না খেলার সিদ্ধান্ত ভারতের পক্ষ থেকে আসেনি এবং নির্ধারিত সূচি অনুযায়ী ভারত দল নিরপেক্ষ ভেন্যু কলম্বোতেই যাবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়কদের সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেন, ‘আমাদের মানসিকতা একদম পরিষ্কার। ম্যাচ না খেলার কথা আমরা কখনো বলিনি। এই আলোচনা এসেছে অন্য দিক থেকে। আইসিসি আনুষ্ঠানিক সূচি দিয়েছে। বিসিসিআই ও ভারত সরকার আইসিসির সঙ্গে আলোচনা করে নিরপেক্ষ ভেন্যু নির্ধারণ করেছে। আমাদের কলম্বোর টিকিট বুক করা আছে, আমরা নিশ্চিতভাবেই যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘দলের ভেতরের আলোচনা অনুযায়ী আমরা ৭ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ খেলব। এরপর ১৫ ফেব্রুয়ারির ম্যাচের জন্য কলম্বো যাব।’

পাকিস্তান ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, তারা টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি খেলবে না। বুধবার ইসলামাবাদে ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আবারও এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

শেহবাজ শরিফ বলেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিষয়ে একটি স্পষ্ট অবস্থান নিয়েছি। বিষয়টি গভীরভাবে বিবেচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলাধুলায় রাজনীতি থাকা উচিত নয়। তবে আমরা ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলি আগা জানিয়েছেন, এ বিষয়ে সরকার যে নির্দেশ দেবে, দল সেটিই অনুসরণ করবে।

এদিকে পাকিস্তান প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘এ বিষয়ে বিসিসিআইয়ের কিছু বলার নেই। আইসিসিকেই সিদ্ধান্ত নিতে হবে। তারা যা বলবে, আমরা সেটাই অনুসরণ করব।’

Read Previous

ভোটের অপেক্ষায় জনগণ, প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন ও দায়িত্ববান সরকার

Read Next

আরও ১৯৬.৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

Most Popular