চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশে একটি স্বর্ণের খনিতে হওয়া দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঘটনার কারণ ও বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) খনির একটি খাঁচা নিচে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। সোমবার রাতে এ তথ্য জানানো হয়। জরুরি ব্যবস্থাপনা ও জননিরাপত্তা বিভাগ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়।
রয়টার্স জানায়, এ ঘটনার পর মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) খনিটির মালিক ঝাওজিন মাইনিং ইন্ডাস্ট্রির শেয়ার ৬ শতাংশ পর্যন্ত কমে যায়। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন রয়টার্সের সাংবাদিকরা। তবে ঝাওজিনের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। এ কারণে এ বিষয়ে তারা বেশি কিছু বলতে চান না।
