জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে।
‘জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি।’
ডা. শফিকুর রহমান আরও লিখেছেন, ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে।
জনপ্রিয়তায় ভীত হয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমির
এর আগে, বুধবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ৫০ লাখ টাকাসহ আটক করে পুলিশ।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান চালায় পুলিশ। ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি সৈয়দপুর অবতরণ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে নগদ টাকা উদ্ধার করা হয়।
আটকের পর বেলাল উদ্দিন একটি ভিডিওতে বলেছেন, পরিমাণ ৫০ লাখ টাকার বেশি। এটি তার ব্যবসার টাকা। তিনি গার্মেন্টস ব্যবসা করেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকের জানান, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচনসংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা।
