বাগেরহাটে ৬ ককটেল উদ্ধার, নিরাপত্তা জোরদার

 

বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে শহরের কাঠেরপোল এলাকার একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে এই ককটেলগুলো উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগেরহাট সদরের হাড়িখালি (কাঠেরপুল) সুইচগেট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত একটি ভবনের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর বাগেরহাট সদর ২৩ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়। রাত সাড়ে ১২টার দিকে একটি পরিত্যক্ত ভবনের পাশে মাটি খুঁড়ে রাখা প্লাস্টিক বালতির ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, র‍্যাবের বোম্ব ডিসপোজাল (বিডি) টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে। এ ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Read Previous

ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩৫

Read Next

শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু

Most Popular