ঢাকা-৯: তাসনিম জারার চেয়ে বড় ব্যবধানে এগিয়ে হাবিবুর রশিদ

 

রাজধানীর ঢাকা-৯ (সবুজবাগ-খিলগাঁও-মুগদা) আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এখন পর্যন্ত ঘোষিত ৩৭টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীকে বিশাল ব্যবধানে পেছনে ফেলেছেন।

এই আসনের মোট ১০৮টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৩৭টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে হাবিবুর রশিদ হাবিব (ধানের শীষ) পেয়েছেন ২৩ হাজার ৪৪১ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা (ফুটবল) পেয়েছেন ৮ হাজার ৭২৭ ভোট।

এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসাবে ধানের শীষের প্রার্থী ১৪ হাজার ৭১৪ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ‘ফুটবল’ প্রতীক নিয়ে লড়াই করলেও কেন্দ্রভিত্তিক ফলাফলে তিনি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন।

ঢাকা-৯ আসনটি (আসন নং: ১৮২) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ থেকে ৭ এবং ৭১ থেকে ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনের নির্বাচনী এলাকায় মোট ভোটারের সংখ্যা ৪,৬৯,৩৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৩৭,৬৭৩ জন এবং নারী ভোটার ২,৩১৬৮২ জন।

সবুজবাগ, খিলগাঁও ও মুগদা এলাকার কেন্দ্রগুলোতে ভোটগণনা এখনও চলছে। ৩৭টি কেন্দ্রের ফলাফলে বিএনপির বড় লিড পাওয়ায় কর্মী-সমর্থকদের মধ্যে উল্লাস দেখা গেছে। তবে এখনও ৭১টি কেন্দ্রের ফলাফল আসা বাকি থাকায় চূড়ান্ত ফলের জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

Read Previous

৩৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রুমিন ফারহানা

Read Next

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

Most Popular