ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুরে লামচরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট প্রয়োগ করে এ মন্তব্য করেন তিনি।
এ্যানি বলেন, দীর্ঘ অপেক্ষার পর সুন্দর পরিবেশ পেয়েছি। এ পরিবেশের মাধ্যমে দেশবাসী ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। আমার বিশ্বাস, শান্তিপূর্ণ পরিবেশ, পরিস্থিতি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, এ শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে আমরা যেন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি। নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত করতে পারি। যার মাধ্যমে আমরা লক্ষ্মীপুরবাসী ঐক্যবদ্ধ থাকব। আগামী দিনে আমাদের উন্নয়নের অব্যাহত ধারা বজায় রাখবো। সবার পাশে আছি, সবার পাশে থাকব।
এসময় বিএনপির প্রার্থী এ্যানির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ ৬ জন প্রার্থী রয়েছেন।
সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। তাদের প্রার্থী সংখ্যা ২৯১ জন। এই নির্বাচনে নিবন্ধিত ১০টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি।
জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
