রাজশাহীর ৪ আসনে বিএনপি বিজয়ী, দুইটিতে জামায়াত

 

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে চারটিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। এছাড়া দুইটি আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই প্রার্থী।
রাজশাহীর ৪ আসনে বিএনপি বিজয়ী, দুইটিতে জামায়াত

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার।

তিনি বলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে একটি পোস্টালসহ মোট কেন্দ্র ১৬০টি। আসনটিতে জয় পেয়েছেন জামায়াত ইসলামের প্রার্থী মজিবুর রহমান। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শরিফ উদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৭০২ ভোট। এই আসনে ১ হাজার ৮৮৪ ভোটে জামায়াত প্রার্থী জয়ী হয়েছেন।

রাজশাহী-২ (সদর) আসনে একটি পোস্টালসহ মোট কেন্দ্র ১১৬টি। আসনটিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি ধানের শীষ প্রতীকে জয় পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে মো. জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট। এই আসনে ২৮ হাজার ১৭৬ ভোটে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে একটি পোস্টালসহ মোট কেন্দ্র ১৩০টি। আসনটিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট। এই আসনে ৩৮ হাজার ৩৯১ ভোটে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে একটি পোস্টালসহ মোট কেন্দ্র ১২২টি। আসনটিতে জয় পেয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী আবদুল বারী সরদার। তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডিএমডি জিয়াউর রহমান। তিনি পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট। এই আসনে ৫ হাজার ৭৬৫ ভোটে জামায়াত প্রার্থী জয়ী হয়েছেন।

রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনে একটি পোস্টালসহ মোট কেন্দ্র ১৩২টি। আসনটিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা মনজুর রহমান। তিনি পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫ ভোট। এই আসনে ৭৯ হাজার ৯৮০ ভোটে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে একটি পোস্টালসহ মোট কেন্দ্র ১২০টি। আসনটিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট। এই আসনে ৫৫ হাজার ৭০৭ ভোটে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগামীর বাংলাদেশ পুনর্গঠনে ভোটাররা নিজেদের মতামত দিয়েছেন। বিকেল সাড়ে ৪টায় ভোট শেষ হওয়ার পর শুরু হয় গণনা।

প্রসঙ্গত, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত হওয়ায় এবার ২৯৯ আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৪ ও নারী প্রার্থী ছিলেন ৮৩ জন।

আবার নারী প্রার্থীদের মধ্যে দলীয় ৬৩ এবং স্বতন্ত্র ছিলেন ২০ জন। বিপরীতে এবার মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ছিল ১ হাজার ২৩২ জন। ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল।

Read Previous

৫০ হাজার ভোটে হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

Read Next

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

Most Popular