টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় ছিটকে পড়ে ভ্যানচালকসহ ২ জন নিহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর গোহালিয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি এলাকার বাসিন্দা ভ্যানচালক মোহাম্মদ আমির আলী (৪০) ও ভ্যানের যাত্রী শরীফ উদ্দিন (৪১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। জোকারচর এলাকায় পৌঁছলে রাস্তা পার হওয়ার সময় একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয় গাড়িটি। এতে ভ্যানচালক ও ভ্যানের এক যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপর আহত আমির আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে আছে।
