ছোট পর্দায় প্রায় সব ধরনের চরিত্রে নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শকহৃদয় জয় করেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। হঠাৎ করে তার ব্রেন টিউমারে আক্রান্তের খবরে শঙ্কার ছায়া নেমে আসে বিনোদন ভুবনে। রোববার রাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানান, চার ঘণ্টার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
বর্তমানে তানিয়া বৃষ্টি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। অস্ত্রোপচারের পর ছোট পর্দার এই অভিনেত্রীর মস্তিষ্ক থেকে টিউমার অপসারণ করা হয়েছে বলে জানা যায়। তবে তিনি এখনও আশঙ্কামুক্ত নন।
তানিয়ার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেন নির্মাতা সকাল আহমেদ। তিনি বলেন, আল্লাহর রহমতে তানিয়া বৃষ্টির সার্জারি সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। চার ঘণ্টার অপারেশন শেষে টিউমার অপসারণ হয়েছে। পোস্ট অপারেটিভ অনেক জটিলতা থাকতে পারে। এজন্য এখনই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। সবাই তার জন্য দোয়া করবেন।
সাম্প্রতিককালে যে কজন অভিনেত্রী ছোট পর্দায় ব্যস্ত ছিলেন তানিয়া বৃষ্টি তাদের অন্যতম। ভিট চ্যানেল আই প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ বিজয়ী তানিয়ার অভিনীত নাটকগুলো জনপ্রিয়তা পেয়েছে। এমনকি তিনিও নিজেও দর্শকপ্রিয়তা অর্জন করেন। সম্প্রতি স্বল্প ব্যবধানে মুক্তি পাওয়া একাধিক নাটকের কারণে তিনি আলোচনায় ছিলেন।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামে জন্ম নিলেও শৈশব-কৈশোর কাটে ঢাকাতেই। ২০১৫ সালে আকরাম খানের পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ‘ঘাসফুল’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তানিয়া বৃষ্টির। এরপর ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত আরেকটি সিনেমা ‘গোয়েন্দাগিরি’। গ্রামীণফোন, সিটি ব্যাংক, আকাশসহ বেশ কিছু বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন তানিয়া বৃষ্টি।
