বৃষ্টির কারণে বল মাঠে গড়ানো তো দূরের কথা, টস পর্যন্ত হলো না। শেষ পর্যন্ত আয়ারল্যান্ড বনাম জিম্বাবুয়ে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হলো। আর তাতে কপাল পুড়ল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পাল্লেকেলেতে গ্রুপ বি’র আয়ারল্যান্ড বনাম জিম্বাবুয়ে ম্যাচটি বৃষ্টির কারণে কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
এদিকে, এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পাওয়া ১ পয়েন্ট সুপার এইটে তুলে দিয়েছে জিম্বাবুয়েকে। ৩ ম্যাচে ২ জয় ও পরিত্যক্ত হওয়া ম্যাচ থেকে সর্বমোট ৫ পয়েন্ট অর্জন করেছে জিম্বাবুয়ে। ৩ ম্যাচে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ পয়েন্ট। অর্থাৎ অজিরা যদি শেষ ম্যাচে জয় পায় আর জিম্বাবুয়ে হেরেও যায়, তারপরও তাদের ছাড়িয়ে যেতে পারবে না সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
৩ ম্যাচে ৩ জয় নিয়ে এই গ্রুপ থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছে সহস্বাগতিক শ্রীলঙ্কা।
