বাংলাদেশের জায়গায় সুযোগ পেয়েছিল। সেই স্কটল্যান্ড টি-২০ বিশ্বকাপ শেষ করল এক জয় দিয়ে। ইতালির বিপক্ষে ওই ম্যাচে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ ২০৭ রান করে তারা। যে তিনটি ম্যাচে হেরেছে, সেগুলোতে একেবারে খারাপ খেলেনি।
স্কটল্যান্ডের বিশ্বকাপ শেষ হয়েছে ‘ডি’ গ্রুপে তৃতীয় স্থানে থেকে। দলটি আরও বেশি বেশি সুযোগ চায়। দ্য স্পোর্টস্টারকে ডানহাতি পেসার ব্রাড কুর বলেন, ‘ওটা (নেপালের বিপক্ষে) ছিল আমার খেলা সবচেয়ে হৈচৈপূর্ণ ম্যাচ। একেবারে পাগলাটে পরিবেশ ছিল। সত্যি বলতে, যেন নাইটক্লাবে ক্রিকেট ম্যাচ খেলছি। এই অভিজ্ঞতা আমাদের খেলোয়াড় হিসেবে আরও পরিণত করে… আমরা যা চাই, তা হলো আরও বেশি। আমাদের আরও সুযোগ দিন।’
অধিনায়ক রিচি বেরিংটন নিজেদের পারফরম্যান্স নিয়ে খুশি। ‘আমাদের প্রস্তুতি এবং এই ম্যাচগুলোতে যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি, তাতে আমি খুবই সন্তুষ্ট। কিছুটা হতাশা অবশ্যই আছে, কারণ আমরা এটাকে বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য দেখানোর দারুণ সুযোগ হিসেবে দেখেছিলাম।’
তিনি যোগ করেন, ‘তিনটি ম্যাচেই আমরা নিজেদের শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিলাম। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে হয়তো ম্যাচ খেলার অভাবটা বোঝা গেছে। আমরা যদি ম্যাচটাকে আরেকটু গভীর পর্যন্ত নিতে পারতাম, তাহলে কয়েকটি ফল আমাদের পক্ষেও যেতে পারত। তবুও পুরো টুর্নামেন্টে দল যেভাবে খেলেছে এবং মাঠে নিজেদের মেলে ধরেছে, সেটা আমার জন্য নিঃসন্দেহে বড় ইতিবাচক দিক।’
