নারায়ণগঞ্জের বন্দরে ভরদুপুরে প্রকাশ্যে ফাঁকা গুলি করে বিকাশ এজেন্টের কাছ থেকে ২ লাখ ৯২ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট রনি বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার মৃত রমজান আলীর ছেলে।
ঘটনার পর স্থানীয় এক ব্যক্তি ফেসবুক লাইভে বিষয়টি জানালে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
রনি জানান, সকালে অফিসে যাবার উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হন। দুপুর একটার দিকে লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় পৌঁছলে দুজন দুর্বৃত্ত এসে তার পথরোধ করে। তাদের একজন রনির বুকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে নেয়। এসময় দুর্বৃত্তরা রনির সঙ্গে থাকা নগদ ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরে তারা একটি মোটরসাইকেলে চড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। যাবার সময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। ঘটনাস্থলে গুলির একটি খোসাও পড়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে। এখনও এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।
