নূরের নবজাগরণে রমজান, আত্মশুদ্ধি, প্রত্যাশা ও অনন্ত প্রাপ্তির অভিযাত্রা

রমজান কেবল একটি মাস নয়, এটি মানুষের অন্তর্জগতের বিপ্লবের নাম। এটি এমন এক ঋতু, যখন আত্মা তার উৎসের দিকে ফিরে যাওয়ার পথ খুঁজে পায়, যখন ব্যস্ততা ও ভোগের ঘূর্ণাবর্তে হারিয়ে যাওয়া মানুষ আবার নিজের পরিচয় আবিষ্কার করে।

পৃথিবীর অনবরত প্রতিযোগিতা, প্রাপ্তির মোহ ও অর্জনের অন্ধ দৌড়ে মানুষ যখন ক্লান্ত ও বিপর্যস্ত, তখন রমজান এসে তার কাঁধে হাত রেখে বলে—তুমি কেবল দেহ নও, তুমি আত্মাও, তুমি কেবল ভোগের জন্য নও, তুমি ইবাদতের জন্য সৃষ্ট।

মহান আল্লাহ ঘোষণা করেন, হে মুমিনগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। (সূরা আল-বাকারা)

এই আয়াতেই রমজানের মূল দর্শন নিহিত। তাকওয়া মানে কেবল ভয় নয়, এটি আল্লাহ-সচেতনতা, নৈতিক সতর্কতা ও অন্তরের জাগ্রত অবস্থান।

রোজা মানুষকে শেখায় কীভাবে একান্ত নির্জনেও স্রষ্টার উপস্থিতি অনুভব করতে হয়। যখন কেউ তৃষ্ণার্ত হয়েও পানির গ্লাস থেকে মুখ ফিরিয়ে নেয় কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন তার ভেতরে জন্ম নেয় সেই অদৃশ্য শক্তি—তাকওয়া—যা তাকে পাপ থেকে রক্ষা করে, ন্যায়ের পথে অবিচল রাখে।

রাসূলুল্লাহ সা. সতর্ক করে দিয়েছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও অসৎকর্ম পরিত্যাগ করে না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। (সহিহ আল-বুখারি)

এই হাদিস আমাদের স্পষ্ট করে জানিয়ে দেয় যে রোজা কেবল অনাহারের নাম নয়, এটি চরিত্রের পরিশুদ্ধি, ভাষার সংযম ও আচরণের উৎকর্ষের সাধনা। রমজান আমাদের চোখকে হারাম থেকে ফিরিয়ে নিতে শেখায়, জিহ্বাকে কটুবাক্য ও পরনিন্দা থেকে বিরত রাখে, অন্তরকে হিংসা ও বিদ্বেষ থেকে মুক্ত করার শিক্ষা দেয়। যদি রোজা আমাদের নৈতিকতায় পরিবর্তন না আনে, তবে আমরা তার প্রকৃত মর্মার্থ স্পর্শ করতে পারিনি।

রমজান সেই মাস, যাতে নাজিল করা হয়েছে কুরআন—মানুষের জন্য হেদায়াত, সৎপথের স্পষ্ট নিদর্শন এবং সত্য-মিথ্যার পার্থক্যকারী। (সূরা আল-বাকারা )

অতএব, রমজান মানেই কুরআনের দিকে প্রত্যাবর্তন। কুরআন কেবল তিলাওয়াতের জন্য অবতীর্ণ হয়নি,এটি মানবজীবনের নৈতিক সংবিধান। রমজানে কুরআনের সাথে সম্পর্ক নবায়ন মানে কেবল খতম দেওয়া নয়, বরং তার বাণী হৃদয়ে ধারণ করা, তার নির্দেশনা জীবনে প্রয়োগ করা।

যখন কুরআনের আলো আমাদের চিন্তা, সিদ্ধান্ত ও আচরণকে প্রভাবিত করে, তখনই রমজান আমাদের ভেতরে স্থায়ী পরিবর্তনের বীজ বপন করে।

রাসূলুল্লাহ সা. সুসংবাদ দিয়েছেন, যখন রমজান আসে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। (সহিহ মুসলিম)

এই বর্ণনা কেবল প্রতীকী নয়, এটি মানুষের জন্য এক আধ্যাত্মিক সুযোগের ঘোষণা। এ মাসে নেক আমলের পরিবেশ সৃষ্টি হয়, হৃদয় নরম হয়, তাওবার পথ সহজ হয়। মানুষ তার অতীতের ভুলের জন্য অনুতপ্ত হয়ে নতুন করে শুরু করার সাহস পায়।

রমজানের শেষ দশকে রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর। আল্লাহ বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। (সূরা আল-কদর )

এক রাত, যার ইবাদত তিরাশি বছরেরও অধিক সময়ের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ—এ এক অসীম করুণার দান। রাসূলুল্লাহ সা. বলেছেন, “যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানে কিয়াম করবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে।” (সহিহ আল-বুখারি ও মুসলিম)

এই প্রতিশ্রুতি মানুষকে আশা দেয়, তাকে ভাঙা অতীতের গ্লানি থেকে মুক্তির স্বপ্ন দেখায়।

রমজান কেবল ব্যক্তিগত ইবাদতের মাস নয়, এটি সামাজিক ন্যায় ও মানবিক সংহতিরও মাস। সারাদিনের অনাহার মানুষকে দরিদ্রের কষ্ট উপলব্ধি করতে শেখায়। যাকাত ও সদকার মাধ্যমে সম্পদের পবিত্রতা অর্জন এবং সমাজের অভাবীদের পাশে দাঁড়ানো রমজানের চেতনারই অংশ। ইফতারের সময় একটি খেজুর ভাগ করে নেওয়ার মধ্যেও যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়, তা মানবসমাজকে আরও সংহত করে। রাসূলুল্লাহ সা. বলেছেন, “যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে। (তিরমিজি)

এই শিক্ষা আমাদের উদার হতে, ভাগাভাগি করতে এবং মানবিক হতে উদ্বুদ্ধ করে।

রমজান তাই আত্মসমালোচনার মাস, আত্মশুদ্ধির মাস, নৈতিক পুনর্গঠনের মাস। এটি অভ্যাস পরিবর্তনের সময়—অসৎ প্রবৃত্তি থেকে সরে এসে সৎপথে অবিচল থাকার দৃঢ় অঙ্গীকারের সময়। যদি রমজান আমাদের অন্তরে স্থায়ী পরিবর্তন সৃষ্টি না করে, তবে আমরা তার অমূল্য সম্ভাবনাকে অপচয় করেছি।

পরিশেষে, রমজানকে আমাদের গ্রহণ করতে হবে আনুষ্ঠানিকতার আবরণে নয়, আন্তরিকতার আলোয়। এটি যেন কেবল ক্যালেন্ডারের একটি অধ্যায় না হয়ে ওঠে, বরং আমাদের জীবনের দিশারী হয়ে থাকে। আমরা যেন রমজান শেষে আরও বিনয়ী, আরও সংযত, আরও নৈতিক ও আরও মানবিক হয়ে উঠি এই হোক আমাদের প্রত্যাশা।

আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র রমজানের প্রকৃত চেতনা অনুধাবন করার, কুরআন-হাদিসের আলোকে জীবন গড়ার এবং তাঁর সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করুন। (আমিন)

Read Previous

বৃহস্পতিবার একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Read Next

ইরানে ফের শুরু হয়েছে জেন-জি বিক্ষোভ

Most Popular