টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে মুম্বাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানের দাপুটে জয় পেয়েছে। বিশাল এই জয় যেমন ক্যারিবীয়দের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুযোগ বাড়াল ঠিক একই সঙ্গে সুপার এইটে ভারতের সেমিফাইনাল সমীকরণ আরও কঠিন করে দিল। এর আগেই দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে চাপে ছিল ভারত। এখন নেট রান রেট (এনআরআর) সমীকরণ ঠিক করা কার্যত নাগালের বাইরে।
ওয়াংখেড় স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৫৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ৩৪ বলে ৮৫ রানের ঝড়ো ইনিংস খেলেন শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল যোগ করেন দ্রুত অর্ধশতক। জবাবে ১৪৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বল হাতে চার উইকেট নেন গুদাকেশ মোতি।
এই বড় জয়ের ফলে গ্রুপ-১-এ ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট বেড়েছে উল্লেখযোগ্যভাবে। একই গ্রুপে থাকা ভারতের জন্য এটি বাড়তি চাপের কারণ।
ভারতের সামনে কী সমীকরণ?
ভারত যদি জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ—দুই ম্যাচই জেতে, তবে তাদের পয়েন্ট হবে ৪। তবে দুই ম্যাচ জিততে পারলেও তাদের তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকার দিকে। দক্ষিণ আফ্রিকা যদি সব ম্যাচ জেতে, তারা সরাসরি সেমিফাইনালে যাবে এবং ভারত দ্বিতীয় দল হিসেবে উঠতে পারে। তবে দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে, তখন দক্ষিণ আফ্রিকা, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ—তিন দলেরই পয়েন্ট হতে পারে ৪। সে ক্ষেত্রে এনআরআর নির্ধারণ করবে সেমিফাইনাল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা যদি দুই ম্যাচই হারে, তবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে যাবে।
পরিস্থিতি ২: এক ম্যাচে জয়
ভারত যদি শুধু একটি ম্যাচ জেতে, তাহলে সমীকরণ আরও জটিল হবে। এক ম্যাচ জিতলে সেই ম্যাচটি হতে হবে ক্যারিবীয়দের বিপক্ষে। নেট রান রেটের কারণে ভারতের ওয়েস্ট ইন্ডিজকে হারানো পুরো বাধ্যতামূলক তাও আবার বড় ব্যবধানে। দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচ জিতলে এবং ভারত জিম্বাবুয়ের কাছে হারলে তিন দল সমান পয়েন্টে পৌঁছাতে পারে। তখন আবার এনআরআরই ভরসা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা যদি দুই ম্যাচই হারে, তবুও ভারতের সুযোগ অনিশ্চিত।
বাকি সূচি (গ্রুপ ১)
২৬ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (আহমেদাবাদ)
২৬ ফেব্রুয়ারি: ভারত বনাম জিম্বাবুয়ে (চেন্নাই)
১ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে (দিল্লি)
১ মার্চ: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা)
সব মিলিয়ে, ভারতের সেমিফাইনালে ওঠার লড়াই এখন আর পুরোপুরি নিজেদের হাতে নেই। জয়ের পাশাপাশি অন্য ম্যাচের ফল ও এনআরআর—সব মিলিয়েই নির্ধারিত হবে সূর্যকুমার যাদবের দলের ভাগ্য।
