চুরি করা গরুর মাংসে ইফতারের আয়োজন, ৭০ হাজার টাকায় রফাদফা

 

সিলেটে চুরি করা গরু জবাই করে ইফতার আয়োজন করায় ওসমানীনগরে গলমুখাপন গ্রামে সমালোচনার মুখে পড়েছেন এক প্রবাসী। এ ঘটনার পর তিনি প্রবাস যাত্রা করেছেন।

গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের ওসমানীনগর উপজেলার গলমুখাপন গ্রামে প্রায় এক হাজার মানুষের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউনাইটেড গলমুখাপন ট্রাস্ট’। এই ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ আশপাশের কয়েক গ্রামের প্রায় এক হাজার রোজাদাররা অংশ নেন।

তবে এই ইফতারের আগের দিন একই গ্রামের নাজমুল ইসলাম নামের এক ব্যক্তির একটি গরু মাঠ থেকে নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজির পরও গরুটি পাওয়া যায় নি বক্তব্য স্থানীয়দের।

এদিকে, যুক্তরাজ্যপ্রবাসী আহমদ মধু ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনের জন্য তার বাড়ির কেয়ারটেকার সাঈদীকে তিনটি গরু কেনার জন্য টাকা দেন। কিন্তু অভিযোগ উঠেছে, সাঈদী গরু না কিনে নাজমুল ইসলামের হারিয়ে যাওয়া গরুটি মাঠ থেকে ধরে এনে জবাই করেন এবং সেই মাংসই ইফতারে পরিবেশন করা হয় এমন ঘটনা জানাজানি হলে সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুখাপন গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে শুরু হয় তীব্র সমালোচনা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী যুক্তরাজ্য প্রবাসী আহমদ মধুর বাড়িতে গিয়ে ঘটনার ব্যাখ্যা চাইলে পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায়, ইফতারের জন্য জবাই করা গরুটি নাজমুল ইসলামেরই ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর যুক্তরাজ্য প্রবাসী আহমদ মধু তাৎক্ষণিকভাবে গরুর মালিক নাজমুল ইসলামকে মূল্য বাবদ নগদ ৭০ হাজার টাকা প্রদান করে বিষয়টি মীমাংসা করেন।

তবে মীমাংসা করলেও যুক্তরাজ্য প্রবাসী আহমদ মধু সামাজিকভাবে বিব্রতকর এই ঘটনার পর শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতেই যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন বলে স্থানীয়রা জানায়।

এদিকে এলাকায় বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে এ ঘটনায় নিজে জড়িত নন দাবি করে তিনি একটি ভিডিও বার্তা দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তবে গরু চুরির ঘটনা ঘটার পর থেকে যুক্তরাজ্য প্রবাসী আহমদ মধুর বাড়িড় অভিযুক্ত কেয়ারটেকার সাঈদী পলাতক রয়েছেন বলে জানান এলাকাবাসী।

এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়াকে মোঠোফোনে বারবার কল করেও তাকে পাওয়া যায় নি।

Read Previous

ইফতারের কতক্ষণ পর চা খাওয়া ভালো?

Read Next

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট আপাতত স্থগিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular