বলিউডের গ্ল্যামার জগতে প্রেমে পড়ার বিষয়টি নতুন কিছু নয়। তবে এবার আলোচনার কেন্দ্রে বলিউড কিং শাহরুখ কন্যা সুহানা খান। শোনা যায় তার মন জয় করেছেন দক্ষিণ কোরিয়ার কে-পপ তারকা কিম জুন মিয়ন। ভক্তদের সঙ্গে এক খোলামেলা কথোপকথনে নিজের এই ‘ক্রাশ’-এর কথা অকপটে স্বীকার করে নেটদুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি। সূত্র : পিঙ্কভিলা
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনে ভক্তদের নানা প্রশ্নের জবাব দিচ্ছিলেন সুহানা। সেখানে এক ভক্ত জানতে চান—কোন অভিনেতার সঙ্গে তিনি ডেটে যেতে চান। প্রশ্নের জবাবে সবাইকে চমকে দিয়ে কোরিয়ান গায়ক, গীতিকার ও অভিনেতা কিম জুন-মিয়নের নাম বলেন সুহানা। শুধু তাই নয়, কে-পপ তারকার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন—‘তাকে।’ আর এতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় বিষয়টি।
বলিউড সুপারস্টার শাহরুখ খান ও প্রযোজক-ডিজাইনার গৌরী খানের মেয়ে হওয়ায় শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সুহানা। নেপোটিজম বিতর্কের মাঝেও তিনি বরাবরই নিজেকে আলাদা পরিচয়ে গড়ে তুলতে চান। অভিনয়ের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি তায়কোয়ান্দো শেখার মতো শারীরিক প্রস্তুতিতেও নিজেকে ব্যস্ত রাখছেন এই তরুণ অভিনেত্রী।
গ্ল্যামারের বাইরেও সুহানার আগ্রহ বিস্তৃত। গান, নাচ, লেখালেখি এমনকি খেলাধুলাতেও রয়েছে তার সমান ঝোঁক। সামাজিকমাধ্যমে বেশ সক্রিয় তিনি, প্রায়ই লাইভে এসে ভক্তদের সঙ্গে খোলামেলা আড্ডা দেন এবং ব্যক্তিগত নানা প্রশ্নের উত্তরও দেন অকপটে।
এদিকে ক্যারিয়ারের দিক থেকেও বড় এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন সুহানা। চলতি বছরের শেষ দিকে তিনি বড় পর্দায় হাজির হবেন তার বাবা শাহরুখ খানের সঙ্গে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আসন্ন অ্যাকশনধর্মী সিনেমা কিং-এ প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে বাবা-মেয়েকে। ছবিটিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি এবং অভিষেক বচ্চনের মতো বড় তারকারা।
