চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইটবোঝাই পাওয়ার টিলার ও মোটরসাইকেলের সংঘর্ষে মাসুদ রানা (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পাওয়ার টিলারের চালক সাইফুল ইসলাম (৩৭) গুরুতর আহত হয়েছেন।
রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার জয়রামপুর কাঠালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা জয়রামপুর স্টেশন পাড়ার মৃত শামীমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মাসুদ রানা নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে দামুড়হুদার উদ্দেশ্যে রওনা হন। পথে জয়রামপুর কাঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি পাওয়ার টিলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাসুদ রানা ও সাইফুল ইসলাম গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ রানার মৃত্যু হয়।
দামুড়হুদা থানার ওসি মেজবাহ উদ্দীন জানান, পাওয়ার টিলার ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
