বাংলাদেশকে ‘বড় চ্যালেঞ্জ’ মানলেও লড়াইয়ের জন্য প্রস্তুত কিউইরা

বাংলাদেশের কন্ডিশনে টাইগারদের মুখোমুখি হওয়া ‘বড় চ্যালেঞ্জ’ বলে মনে করছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। তবে এমন কন্ডিশন কঠিন হলেও লড়াইয়ের জন্য কিউইরা প্রস্তুত, বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে আজ (১৬ এপ্রিল) সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছেন কিউই অধিনায়ক টম লাথাম।

আগামীকাল থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ- নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। মাঠে নামার আগে আজ সংবাদ সম্মেলনে ওয়ানডে সিরিজ নিয়ে নিজের পরিকল্পনা ও ভাবনার কথা জানিয়েছেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম। কন্ডিশন এবং প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ যে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে, তার বক্তব্যে সেটি স্পষ্টভাবে উঠে এসেছে।

লাথাম বলেন, ‘তারা (বাংলাদেশ) পাকিস্তানের বিপক্ষে দারুণ সিরিজ জয় করে এসেছে, তাই তারা নিশ্চিতভাবেই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে এবং আমরা সেই লড়াইয়ের অপেক্ষায় আছি।’

বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম এবং বোলিং আক্রমণ নিয়ে বেশ সতর্ক ল্যাথাম। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পেসারদের দাপুটে পারফরম্যান্স তার নজর কেড়েছে। লাল-সবুজের দলের পেস আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাসকিন, মোস্তাফিজ এবং নাহিদ রানাদের নিয়ে গড়া বাংলাদেশের পেস ইউনিট বেশ অভিজ্ঞ। নাহিদ রানা গত কয়েক মৌসুমে দারুণভাবে নিজেকে চিনিয়েছেন।’

ল্যাথাম আরও যোগ করেন, তিনি আগে স্পিন নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন। তবে এখন তারা পেস ও স্পিন-উভয় বিভাগ সামলাতেই মানসিকভাবে প্রস্তুত।

এদিকে, বৈশাখে ঢাকার তীব্র গরম ও তাপপ্রবাহ কিউইদের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। নিউজিল্যান্ডের কন্ডিশনের সম্পূর্ণ বিপরীত এই পরিবেশে মানিয়ে নিতে বাড়তি সতর্ক সফরকারীরা।

লাথাম বলেন, ‘নিউজিল্যান্ডের চেয়ে এখানকার কন্ডিশন সম্পূর্ণ ভিন্ন। আমরা যথাসম্ভব সতেজ থাকার চেষ্টা করছি এবং মাঠের ১০০ ওভারের জন্য নিজেদের শক্তি জমিয়ে রাখছি। গরমে হয়তো আমাদের স্বাভাবিকের চেয়ে বেশি ড্রিঙ্কস ব্রেক নিতে হতে পারে।’

আইপিএল এবং পিএসএলের কারণে আসন্ন সিরিজে অনেক তারকা ক্রিকেটারকে পাচ্ছে না নিউজিল্যান্ড। এতে সিরিজে কিছুটা প্রভাব পড়লেও লম্বা সময়ের বিবেচনায় ইতিবাচকতা দেখছেন লাথাম।

তিনি বলেন, ‘বর্তমানে একইসঙ্গে বিভিন্ন লিগ চলায় আন্তর্জাতিক ক্রিকেটের সাথে কিছুটা সংঘাত হচ্ছে ঠিকই, তবে এর ফলে আমাদের দলের শক্তি বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে। নতুনরা বাংলাদেশের মতো কন্ডিশনে যত বেশি খেলবে, দীর্ঘ মেয়াদে নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য ততই মঙ্গল।’

Read Previous

নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে চান না লেবাননের প্রেসিডেন্ট: রিপোর্ট

Read Next

জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular