অবশেষে বুমরাহর উইকেট প্রাপ্তি ও তিলকের সেঞ্চুরি, জয়ে ফিরলো মুম্বাই

টানা পাঁচ ম্যাচে উইকেটশূন্য থাকার পর অবশেষে আইপিএলে উইকেটের দেখা পেয়েছেন জাসপ্রিত বুমরাহ। তাঁর উইকেট খরা কাটানোর দিনে গুজরাট টাইটান্সকে ৯৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

প্রথমে ব্যাট করতে নেমে তিলক ভার্মার অনবদ্য সেঞ্চুরিতে মুম্বাই ১৯৯ রানের বড় পুঁজি পায়। জবাবে মুম্বাইয়ের বোলারদের দাপটে মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় গুজরাটের ইনিংস। টানা চার পরাজয়ের পর এই জয় মুম্বাইকে আসরে নতুন অক্সিজেন জোগাল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দারুণ পারফর্ম করলেও আইপিএলের চলতি আসরে উইকেট পাচ্ছিলেন না বুমরাহ। অবশেষে গুজরাটের ইনিংসের প্রথম বলেই সাই সুদার্শানকে আউট করে সেই খরা কাটান তিনি। বুমরাহর শুরুর পর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে গুজরাটকে ধসিয়ে দেন অশ্বিনি কুমার। তিনি ২৪ রানে ৪টি উইকেট নেন। এ ছাড়া এএম গাজানফার ও মিচেল স্যান্টনার পান ২টি করে উইকেট।

মুম্বাইকে বড় সংগ্রহ এনে দেওয়ার মূল কারিগর ছিলেন তিলক ভার্মা। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪৫ বলে ১০১ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। ৮টি চার ও ৭টি ছক্কায় সাজানো তাঁর অপরাজিত সেঞ্চুরির ওপর ভর করেই মুম্বাই ১৯৯ রানের পাহাড় গড়ে। এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিলক।

আসরের শুরুটা জয় দিয়ে করলেও মাঝে টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে নেমে গিয়েছিলো মুম্বাই। সোমবারের এই বড় জয়ের ফলে টেবিলের দশম স্থান থেকে এক লাফে সাতে উঠে এসেছে তারা। অন্যদিকে বড় হারের ধাক্কায় প্লে-অফের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়ল গুজরাট টাইটান্স।

Read Previous

চুক্তি ভঙ্গের দায়ে পিএসএলে নিষিদ্ধ শানাকা, চাইলেন ক্ষমা

Read Next

চার দিনেই ১০০ কোটি ছাড়ালো অক্ষয়ের সিনেমা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular