রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার সময় গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে ‘আত্মহত্যা’ করা উত্তর কোরীয় সেনাদের প্রশংসা করেছেন দেশটির নেতা কিম জং উন।
চলতি সপ্তাহে এক ভাষণে উত্তর কোরিয়ার নেতা বলেছেন, যারা ‘সম্মান রক্ষার জন্য দ্বিধাহীনভাবে আত্মঘাতী হামলার পথ’ বেছে নিয়েছেন, তারা ‘বীর’। খবর বিবিসি’র।
দক্ষিণ কোরিয়ার অনুমান, পশ্চিম কুরস্কের কিছু অংশ পুনরুদ্ধারে রাশিয়াকে সাহায্য করার জন্য কমপক্ষে ১৫ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানো হয়েছে এবং এখন পর্যন্ত ৬ হাজার জনেরও বেশি নিহত হয়েছে। তবে পিয়ংইয়ং বা মস্কো কেউই এই সংখ্যা নিশ্চিত করেনি।
গোয়েন্দা সংস্থা ও দলত্যাগীরা জানিয়েছে, ইউক্রেনের হাতে বন্দি হওয়ার চেয়ে আত্মহত্যা করার জন্য পিয়ংইয়ংয়ের নির্দেশের অধীনে ছিল সৈন্যরা।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, গেল সোমবার (২৭ এপ্রিল) পিয়ংইয়ংয়ে নিহত সৈন্যদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ উন্মোচনকালে কিম বলেছেন,
কোনো প্রতিদানের আশা না করে তাদের আত্মত্যাগ, এবং কোনো পুরস্কারের প্রত্যাশা না করে তাদের নিষ্ঠা… এটাই আমাদের সেনাবাহিনীর আনুগত্যের সর্বোচ্চ স্তরের সংজ্ঞা।
অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভ এবং দেশটির সংসদের স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোডিনও ছিলেন।
বিবিসি’র প্রতিবেদন অনুসারে, উত্তর কোরিয়ায় সৈন্যদের শেখানো হয় যে ‘ধরা পড়া রাষ্ট্রদ্রোহিতার শামিল’।
