নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধিন আরপিও ওয়াপদা কলোনি এলাকার একটি ঝোঁপ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিটি উদ্ধার করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আজমজীনগরে অবস্থিত র্যাব-১১ ব্যাটেলিয়ান সদর দপ্তরের অপস্ অফিসার ক্যাপ্টেন মো: রওনক এরফান খান।
র্যাব জানায়, পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশ পথের দেয়ালের পাশে ঝোঁপের আড়ালে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকে দেখে র্যাবের টহল দল। পরে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে বস্তুটি উদ্ধার করে স্কচটেপ খুললে ৭.৬২ মডেলের সেমি অটোমেটিক একটি চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ বেরিয়ে আসে। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
র্যাব-১১ ব্যাটেলিয়ানের কর্মকর্তা ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় জেলার বিভিন্ন থানা থেকে বেশ কিছু অস্ত্র ও গুলি লুট হয়। উদ্ধারকৃত এই অস্ত্র ও গুলি থানা থেকে লুট করা হয়েছিল। অস্ত্রটি উদ্ধারের পর জব্দ করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এই অস্ত্র লুটের ঘটনায় কারা জড়িত ছিল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে বেশ কিছু অস্ত্র ও গুলি র্যাব বিভিন্ন সময় অভিযান চালিয়ে উদ্ধার করেছে। লুট হওয়া অন্যান্য অস্ত্র এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
