ইরানের ফুটবল প্রধানকে ঢুকতে দিল না কানাডা

ইরানিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজকে কানাডায় প্রবেশ করতে দেওয়া হয়নি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফিফা কংগ্রেসে যোগ দিতে তিনি কানাডার ভ্যাঙ্কুবারে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম এবং ইউএসএ টুডের তথ্য অনুযায়ী, ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে ‘অনুপযুক্ত আচরণ’-এর অভিযোগ তুলে তাজকে পরবর্তী ফ্লাইটে ফেরত পাঠানো হয়। তার সঙ্গে ছিলেন ফেডারেশনের মহাসচিব হেদায়াত মমবেইনি এবং ডেপুটি হামিদ মোমেনি।

খবরে বলা হয়েছে, তাজ কানাডায় প্রবেশের জন্য অস্থায়ী রেসিডেন্ট পারমিট পেলেও শেষ পর্যন্ত তাকে ঢুকতে দেওয়া হয়নি। এর প্রধান কারণ হিসেবে তার ইসলামিক রেভ্যোলুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে। অতীতে তিনি এই বাহিনীর একজন কমান্ডার ছিলেন, আর কানাডা আইআরজিসিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

ধারণা করা হচ্ছে, তাজকে কানাডায় অবতরণের অনুমতি দেওয়া হলেও জিজ্ঞাসাবাদের পর প্রবেশাধিকার বাতিল করা হয় এবং গত মঙ্গলবার (২৮ এপ্রিল) তাকে ফেরত পাঠানো হয়।

কানাডার অভিবাসন মন্ত্রণালয় নির্দিষ্ট এই ঘটনায় মন্তব্য না করলেও জানায়, ‘সরকারের অবস্থান পরিষ্কার, আইআরজিসি কর্মকর্তারা কানাডায় প্রবেশের অযোগ্য এবং তাদের এখানে কোনো স্থান নেই। আমরা আইআরজিসিকে জবাবদিহিতার আওতায় আনতে কঠোর পদক্ষেপ নিয়েছি এবং তা অব্যাহত রাখব, একইসঙ্গে কানাডার নাগরিকদের নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করব।’

Read Previous

খাগড়াছড়িতে স্বাভাবিক হয়েছে জ্বালানি তেল সরবরাহ

Read Next

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular