বিএনপি গণভোট নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে: এনসিপি

ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিএনপি গণভোট নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা। জুলাই জাতীয় সনদ অস্বীকারের মাধ্যমে সরকার ফ্যাসিবাদী শাসনের দিকে এগোচ্ছে অভিযোগ করে আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়ন করতে বাধ্য করার হুঁশিয়ারি দেন তারা।

রোববার (৩ মে) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুরু হয় জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক এনসিপির জাতীয় কনভেনশন।

এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজনে প্রথম সেশনে অংশ নেন দলটির শীর্ষ নেতা ও রাজনৈতিক বিশ্লেষকরা।

এ সময় এনসিপি নেতারা বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে বিএনপি আর জুলাই সনদ বাস্তবায়ন করবে না।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়।’

বিএনপিকে উদ্দেশ করে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, ‘আপনারা তখন বলতেন, গণভোটের যে সাইটে প্রশ্ন দেয়া হয়েছে, সেটার সঙ্গে আমরা একমত না। সেই অনুযায়ী, গণভোটে হ্যাঁ দিলেও এই সাইটের বাস্তবায়ন আমরা করবো না। তাহলে দেখা যেত, কত শতাংশ ভোট পান!’

সরকার ফ্যাসিবাদী শাসনের দিকে এগুচ্ছে বলে দাবি করেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী।

দ্বিতীয় সেশনে অংশ নেন দেশের অর্থনীতি খাতের বিশ্লেষকরা। সংসদ ও রাজপথে আন্দোলনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সরকার যেভাবে যাচ্ছে, সেটা খুব সুখকর ও দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে হয় না।’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আমাদের প্রতিবাদ সংসদ থেকে রাজপথে জারি রাখতে পারলে আগামীর কোনো সরকার আমাদেরকে আর বিপথে নিতে পারবে না।’

সংস্কার বাস্তবায়নের দাবিতে দ্রুত মাঠ পর্যায়ের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান এনসিপির নেতারা।

Read Previous

সিরিয়ায় বিমান হামলা চালাল জর্ডান

Read Next

বিএনপির বিশ্বাসঘাতকতা জনগণ বেশি দিন সহ্য করবে না: হান্নান মাসউদ

Most Popular