হাওড়ের কৃষকদের ৫ দফা দাবি

হাওড়াঞ্চলে ‘মানবসৃষ্ট দুর্যোগে’ বিপর্যস্ত কৃষকদের রক্ষায় অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে মানববন্ধন করেছেন দুর্গত এলাকার কৃষকরা।

বুধবার (৬ মে) দুপুর ১২টায় নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ‘দুর্গত হাওড়বাসী’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে ডিঙ্গাপোতা হাওড়সহ বিভিন্ন কৃষক সমিতির নেতা, শ্রমিক ইউনিয়ন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

মানববন্ধনে কৃষকদের পক্ষ থেকে উত্থাপিত ৫ দফা দাবিগুলো হলো: বিএডিসির বীজ সম্পর্কে ওঠা অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে, কৃষকদের সকল প্রকার সরকারি-বেসরকারি ও এনজিও ঋণ মওকুফ করতে হবে, হাওড়ের ইজারা বাতিল করে সাধারণ মানুষের মাছ ধরে জীবিকা নির্বাহের অধিকার ফিরিয়ে দিতে হবে, ফসল রক্ষা বাঁধ নির্মাণে জড়িত দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে এবং হাওড়ে পর্যাপ্ত পশু খাদ্য ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও হাওড়ের সন্তান জলি তালুকদার। তিনি কলমাকান্দার তিনটি হাওড়-বিলের ইজারা বাতিল করার দৃষ্টান্ত টেনে একইভাবে হাওড়াঞ্চলের সব ইজারা বাতিলের জন্য সরাসরি ডেপুটি স্পিকারের প্রতি অনুরোধ জানান।

জাতীয় সংসদে যেন জনগুরুত্বপূর্ণ ও কাজের আলোচনা হয়, সেদিকে লক্ষ্য রাখার জোর দাবি জানান এই নেত্রী। তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষের টাকা খরচ করে সংসদ চলে। সেখানে অন্য আলোচনায় সময় ও অর্থ নষ্ট না করে কেবল মানুষের কাজের আলোচনা করার জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি।’

Read Previous

ট্রাম্পের চীন সফর নিয়ে যা জানালো বেইজিং

Read Next

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

Most Popular