রূপগঞ্জে তুলা কারখানায় শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ভাতার দাবিতে একটি রপ্তানিমুখী তুলা কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। উত্তেজিত শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের ফলে বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারীরা ভোগান্তির শিকার হন।

বুধবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া স্লূইজগেট এলাকার নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকদের মাঝে এই অসন্তোষ দেখা দেয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেড কারখানায় তুলা থেকে সুতা উৎপাদন করা হয়। এ কারখানায় প্রায় ৭ শতাধিক শ্রমিক কাজ করেন। মালিকপক্ষ এ বছরের ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল মাসের বকেয়া বেতন ভাতা দিয়ে দিচ্ছি করে ঘোরাচ্ছিলেন। বেতন-ভাতা না পেয়ে শ্রমিকরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছিলেন। মুদিমনোহরি দোকানিরা বাকিতে সদাই দিচ্ছেন না। বাড়িওয়ালারাও বাড়ি ভাড়ার জন্য চাপ দিচ্ছেন শ্রমিকদের। এমন অবস্থায় শ্রমিকদের পিঠ দেয়ালের সঙ্গে মিশে গেছে। বাধ্য হয়ে শ্রমিকরা নারায়ণগঞ্জ শ্রমিক ফেডারেশন ইউনিয়নে বিচার চেয়েছেন ‌। ওই সময় মালিকপক্ষ এই মে মাসের ৬ তারিখ বেতন ভাতা পরিশোধ করার আশ্বাস দেন।

শ্রমিকরা সকালে কাজে যোগদান না করে তাদের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানাই মালিক পক্ষের কাছে। এ সময় মালিকপক্ষ বেতন ভাতা দিতে পারবেনা বলে সাফ জানিয়ে দেয়। পরে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওই কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে দুপুরে শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এ সময় সড়কের উভয় পাশে সব ধরনের যানবাহন বন্ধ হয়ে যায়। ভোগান্তির শিকার হন যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারীরা।

খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের শান্ত করেন। এ সময় মালিকপক্ষ বৃহস্পতিবার সকালে বেতন ভাতা পরিশোধ করবেন বলে আশ্বস্ত করেন।

শ্রমিকা অভিযোগ করে আরো জানান, মালিক পক্ষের পক্ষ হয়ে স্থানীয় আব্দুল লতিফ নামের এক ব্যক্তি শ্রমিকদের নানা ধরনের হুমকি ধামকি দেন। ওই ব্যক্তির বিচার চেয়েছেন শ্রমিকরা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। মালিকপক্ষবকে বেতন ভাতা পরিশোধের আশ্বাস দিয়েছেন।’

Read Previous

পশ্চিমবঙ্গ সরকারে মমতা-নিযুক্ত অবসরপ্রাপ্ত আমলাদের অফিসে প্রবেশে নিষেধাজ্ঞা

Read Next

দেশে পৌঁছাল হাম ও রুবেলার ১৫ লাখ ডোজ ভ্যাকসিন

Most Popular