যুক্তরাষ্ট্রের কাছে ইরানের দেয়া প্রস্তাবকে ‘যুক্তিসঙ্গত ও উদার’ বলে দাবি তেহরানের

যুক্তরাষ্ট্রের জবাবে তেহরানের জমা দেয়া প্রস্তাবকে যুক্তিসঙ্গত ও উদার বলে দাবি করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, ইরান কেবল তার ন্যায্য অধিকার এবং চাপিয়ে দেয়া মার্কিন-ইসরাইল যুদ্ধের অবসান ও আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ চায়।

সোমবার (১১ মে) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরান তার আইনসম্মত অধিকারের বাইরে কোনো ছাড় দাবি করেনি।

তিনি উল্লেখ করেন, ইরানের প্রস্তাবটি অঞ্চলজুড়ে যুদ্ধের অবসান, ইরানি জাহাজের বিরুদ্ধে সামুদ্রিক জলদস্যুতা বন্ধ করা এবং বছরের পর বছর ধরে জব্দ থাকা ইরানি সম্পদের মুক্তি নিশ্চিত করার উপর আলোকপাত করে করা হয়েছে।

বাঘাই আরও বলেন, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচলের জন্য ইরানের প্রস্তাব এবং সমগ্র অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে অতিরিক্ত বা দায়িত্বজ্ঞানহীন দাবি হিসেবে বিবেচনা করা ঠিক নয়।

‘ইরানের প্রস্তাবে অন্তর্ভুক্ত সমস্ত উপাদানই ‘যুক্তিসঙ্গত ও উদার’ এবং তা অঞ্চল ও বৃহত্তর বিশ্ব, উভয়ের কল্যাণের উদ্দেশ্যে করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

মুখপাত্র উল্লেখ করেন যে, ইরানের উত্থাপিত সমস্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু জায়নবাদী (ইসরাইল) শাসনের প্রচারিত মানসিকতায় প্রভাবিত হয়ে যুক্তরাষ্ট্র ‘অযৌক্তিক দাবি’ করে চলেছে।

এদিকে, আলোচনা চালিয়ে যাওয়ার সদিচ্ছা ইরান ও যুক্তরাষ্ট্রের নেই—এমন দাবি করা প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে বাঘাই আরও বলেন, তেহরানের বর্তমান অগ্রাধিকার হলো লেবাননসহ সকল রণাঙ্গনে যুদ্ধের অবসান ঘটানো, হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা এবং জাহাজের বিরুদ্ধে বৈরী কার্যকলাপ ও অবরোধ প্রতিরোধ করা। তিনি বর্তমান পরিস্থিতিতে এই অগ্রাধিকারগুলোকে ‘দায়িত্বশীল ও যৌক্তিক’ বলে বর্ণনা করেন।

ইরান-মার্কিন আলোচনার ভবিষ্যৎ এবং আরেকটি মার্কিন হামলার সম্ভাবনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বাঘাই বলেন, ইরান প্রয়োজনে লড়াই করবে এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য যখনই কার্যকর বলে মনে হবে, কূটনৈতিক পথও ব্যবহার করবে।

Read Previous

২০ বেডে ৮৭ শিশু, কক্সবাজারে হামের ভয়াবহতা

Read Next

রাতের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

Most Popular