চাঁদপুরে আগুনে পুড়ে ছাই ৯ বসতঘর, খোলা আকাশের নিচে ১১ পরিবার

‎চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়েছে একই বাড়ির ৯টি বসতঘর। সঙ্গে আরও ৯টি রান্নাঘর। এতে ১ কোটি টাকারও বেশ ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ১১টি পরিবার।

বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর সাহেবগঞ্জ গ্রামের বেচার বাপের বাড়ির দেলোয়ার হোসেনের ঘর থেকেই আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুন অন্য বসতঘররেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে দেলোয়ার ও তার প্রতিবেশী মুকবুল হোসেন, নজরুল ইসলাম তুষার, আইয়ুব আলী, আবুল কাশেম, আবুল খায়ের, ইমরান হোসেন, আবুল হাসেম, মামুনসহ তাদের ছোটবড় কাঁচা ও আধাপাকা ১৮টি স্থাপনা আগুনে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। তবে এরইমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম শুরুর আশ্বাস দেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত দেলোয়ার হোসেনের স্ত্রী সুমি বেগম বলেন, ‘দুপুরে রান্নাবান্না শেষে গোসল করে আসার পর হঠাৎ আগুন দেখতে পাই। মুহূর্তেই লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে আমাদেরসহ ৯টি পরিবারের সব বসতঘর পুরোপুরি পুড়ে গেছে।’

‎ইমরান হোসেন নামের আরেকজন বলেন, ‘মূলত দেলোয়ার হোসেনের ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। আমাদের ঘরের কিছুই অবশিষ্ট নেই। দাবানলে সবকিছু শেষ হয়ে গেছে।’

‎রূপসা দক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, ‘এ অগ্নিকাণ্ডে উত্তর সাহেবগঞ্জ গ্রামের ওই বাড়ির বসতঘরগুলো পুড়ে গেছে।’

‎ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামরুল ইসলাম বলেন, ‘দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি।’

ফরিদগঞ্জ ‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। ক্ষয়ক্ষতি নিরূপণ করে সহায়তার জন্য পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Read Previous

টানা পঞ্চম লিগ শিরোপা জিতল পিএসজি

Read Next

শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: কর্মসূচি স্থগিত করল জাকসু

Most Popular