হাম উপসর্গ থাকলেই গণহারে রেফার্ড করা হচ্ছে ঢাকায়, দিশেহারা অভিভাবকরা

হাম উপসর্গ নিয়ে জেলা-উপজেলা হাসপাতালে গেলেই গণহারে রেফার্ড করা হচ্ছে ঢাকায়। চাপ বেড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। অনেকেই হাসপাতালে সিট পাচ্ছে না। এতে চিকিৎসা ও শয্যা সংকটে দিশেহারা অভিভাবকরা।

দুদিন আগেও রুবেল আহমদ নামে এক ব্যক্তির চোখেমুখে ছিল আতঙ্ক আর হতাশা। হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে হামে আক্রান্ত মুমূর্ষু একমাত্র সন্তানকে নিয়ে দিশেহারা ছিলেন তিনি। ভোলা থেকে শুরু করে রাজধানী, কোথাও নেই সিট ফাঁকা। এমন বাস্তবতায় নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হয়েছে রুবেল আহমদের।

তিনি বলেন, ‘ডাক্তারের কাছে গিয়েছিলাম। তখন ডাক্তার বলেছেন, হাম রোগের লক্ষণ আছে। ঢাকায় চলে যান জরুরি ভিত্তিতে। এখানে থাকলে চিকিৎসা ভালো হবে না।’

বরিশাল থেকে আসা কবির মিয়া অসুস্থ সন্তান নিয়ে ৫ হাসপাতালে ঘুরেছেন ২০ দিন ধরে। চাঁদপুরের শিউলি আর নোয়াখালীর হালিমাও জেলা হাসপাতালে চিকিৎসা না পেয়ে আসেন ঢাকায়। হাসপাতালের বেশিরভাগ রোগীই মফস্বলের। রোগীর স্বজনদের অভিযোগ বেশিরভাগ জেলা ও উপজেলা হাসপাতাল থেকে ঢাকায় পাঠিয়ে দেয়া হচ্ছে রোগীদের।

রোগীর চাপ বাড়লেও সেবা দিতে হাসপাতাল প্রস্তুত বলে জানান ডিএনসিসি হাসপাতালের পরিচালক লতিফা রহমান। জেলা কিংবা উপজেলা হাসপাতালে একই পদমর্যাদার চিকিৎসক থাকার পরও গণহারে ঢাকায় রেফার্ড করা হচ্ছে কিনা তদন্তের আহ্বান জানান তিনি।

তাই হাম নিয়ন্ত্রণে মফস্বল শহরের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি সবার।

Read Previous

আরও ২ শিশুর মৃত্যু, দুই মাসে হাম ও উপসর্গে ঝরে গেল সাড়ে চারশ’র বেশি প্রাণ

Read Next

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

Most Popular