ট্রেঞ্চ কোট, চোখে রোদচশমা এবং হাতে শটগান-গাড়ির ওপর দাঁড়িয়ে নতুন লুকে নজর কাড়ছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। দক্ষিণ আফ্রিকায় চলমান শুটিং সেট থেকে হঠাৎই ভাইরাল হয়েছে ‘কিং’ সিনেমায় অভিনয় করা অভিষেকের প্রথম লুক। ভয়ংকর এ ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা ও কৌতুহল।
জানা গেছে, বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এ শাহরুখ খানের বিপরীতে খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। এ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে তার একাধিক মুখোমুখি সংঘাতের দৃশ্য রয়েছে।
শোনা যাচ্ছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য অভিষেককে বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে। সূত্র বলছে, ‘কিং’ সিনেমায় নিজের লুক ও শারীরিক গঠনে পরিবর্তন আনতে দীর্ঘদিন ধরে কঠোর ফিটনেস রুটিন মেনে চলেছেন অভিষেক।
সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় নতুন নয় অভিষেকের। ইউভা, রাবণ এবং বব বিশ্বাসের মতো ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন। প্রশংসা কুড়িয়েছিলেন সমালোচকদেরও। ‘কিং’ সিনেমায় এবারও অভিনয় দক্ষতার সে ধারাবাহিকতা বজায় রাখবেন অভিষেক এমনটাই প্রত্যাশা ভক্তকদের।
