ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের হাকিমপুর সীমান্ত সংলগ্ন পদ্মা নদীর চর থেকে শওকত আলী নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাতে নৌ পুলিশ ও শিবগঞ্জ থানা পুলিশ যৌথভাবে মরদেহটি উদ্ধার করে।

নৌ পুলিশের গোদাগাড়ী ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন রায় ও শিবগঞ্জ থানা পুলিশের ওসি মতিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শওকত আলী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঁঠাপাড়ার মৃত মো. মিজানের ছেলে। তিনি গত ১০ মে থেকে নিখোঁজ ছিলেন। সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে গিয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন বলে জানা গেছে।

নৌ পুলিশের ওসি জীবন রায় বলেন, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ শনিবার দিবাগত রাত ২টার দিকে শওকতের মরদেহ উদ্ধার করে। মরদেহটি ভাসতে ভাসতে পদ্মার চরে এসে আটকে যায় বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে, তবে গুলির চিহ্ন নেই। শওকত আলী কিভাবে মারা গেছে তা ময়নাতদন্ত প্রতিবেদনের পর জানা যাবে।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, গত ১০ মে থেকে শওকত নিখোঁজ ছিলেন। তিনি সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়েন অধিনায়ক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, হাকিমপুর সীমান্তে পদ্মার চরেই দুই দেশের সীমানার শুন্যরেখা (জিরো লাইন)। আমরা যেটা শুনেছি মরদেহটি ভারতীয় অংশে ছিল। নিহতের আত্মীয়-স্বজনরাই বাংলাদেশ ভূখণ্ডে নিয়ে এসেছে। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে মরদেহটি।

তিনি আরও বলেন, নিহত শওকতসহ আরো কয়েকজন চোরাচালানের উদ্দেশ্যে ভারতে যান ১০ মে রাতে। বাকিরা ফিরে আসলেও শওকত নিখোঁজ ছিলেন। তবে কিভাবে মারা গেছে তা খতিয়ে দেখছে বিজিবি। এ ব্যাপারে নিহতের পরিবার থেকেও বিজিবির কাছে কোনো আবেদন বা অভিযোগ জানানো হয়নি।

Read Previous

সরকারের প্রতি মানুষের আস্থা তলানিতে ঠেকেছে: হাসনাত আবদুল্লাহ

Read Next

বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্য, ৪ হাজার পুলিশ মোতায়েন

Most Popular