কক্সবাজারের রামুতে বসত ঘর থেকে ৪০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি )।
বুধবার (২০ মে) মধ্যরাতে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান, রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।
আটকরা হলেন- রামু কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া এলাকার ছালেহা বেগম (৪৫) এবং উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. হাসিম ওরফে ওসমান (৩৫)।
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, বুধবার মধ্যরাতে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া এলাকায় জনৈক ব্যক্তির বসতঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের বড় একটি চালান মজুতের খবর পায় ডিবি পুলিশ। পরে রামু থানা পুলিশের সহযোগিতায় ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এতে বসতঘরটি ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৪/৫ জন লোক কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে এক নারীসহ দুইজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
বসতঘরটি তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ৪০ হাজার ইয়াবা। আটক নারীর বসত ঘর থেকে আটক অপর আসামি রোহিঙ্গা নাগরিক।
