পঞ্চগড়ে উন্নত জাতের বোরো ধানের ফলন নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এবার উন্নত জাতের বোরো ধানে ভালো ফলন পেয়ে খুশি চাষিরা।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে কৃষকদের নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পানবাড়া এলাকায় উন্নত জাতের ধান বীজ এজেড ৬৪৫৩ এসটি’র মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এতে আটোয়ারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন, বায়ার ক্রপ সায়েন্সের রংপুর বিভাগের কাস্টমার কানেক্ট ম্যানেজার মোজাম্মেল হক, কাস্টমার কানেক্ট ম্যানেজার (বীজ) সঞ্জিত চন্দ্র সরকার, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার সাইফ উদ্দিন, পঞ্চগড় জেলার কাস্টমার কানেক্ট ম্যানেজার উর্মী চক্রবর্তীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, চলতি মৌসুমে জেলায় বিভিন্ন জাতের বোরো ধান মোট ১ হাজার ৬৬৫ হেক্টর জমিতে চাষ হয়েছে।
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৫টি উপজেলায় মোট ৩২ হাজার ৭৩২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। বর্তমানে আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় মাঠের ফসলের অবস্থা বেশ সন্তোষজনক রয়েছে।
কৃষি বিভাগ বলছে, সময়মতো পরিচর্যা ও অনুকূল আবহাওয়ার কারণে ধানের গাছ ভালোভাবে বেড়ে উঠছে এবং অধিকাংশ জমিতে সবল অবস্থায় রয়েছে ফসল।
মাঠ দিবসে কৃষকরা জানান, নতুন জাতের বোরো ধানে ফলন ভালো হয়েছে এবং রোগবালাই তুলনামূলক কম হয়েছে। এতে উৎপাদন খরচ কমে লাভ বেশি হয়েছে বলে তারা জানান।
তারা আরও জানান, প্রতিটি গোছায় ধান ভরপুর থাকায় ফলন আশানুরূপ হয়েছে। ধান সহজে ঝরে পড়ে না এবং মাঠের অবস্থাও ভালো থাকে। আগামী মৌসুমে আরও বেশি জমিতে এই ধান চাষ করার আগ্রহ প্রকাশ করেন তারা।
