ঈদে মজাদার দুই পদ

কোরবানি ঈদ এলেই ঘরে ঘরে শুরু হয় নানা সুস্বাদু খাবার তৈরির আয়োজন। আর সুস্বাদু খাবারের আয়োজনে এগিয়ে মোগলাই খাবার। যেগুলোর মধ্যে অন্যতম পোলাও এবং শিক কাবাব।

আসুন এক নজরে জেনে নিই, ঝরঝরে পোলাও এবং শিক কাবাব রান্নার সহজ রেসিপি-

ঝরঝরে পোলাও রান্নার রেসিপি

প্রয়োজনীয় উপকরণ: এ খাবারটি তৈরি করতে যে উপকরণগুলো আপনার প্রয়োজন হবে তা হলো পোলাওয়ের চাল ২৫০ গ্রাম, বড় সাইজের আলু বোখরা ১২টি, কিশমিশ ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ কাপ, তেল ১ কাপ, ঘি ১ চা-চামচ, আদা-রসুন কুচি ২ চা-চামচ, আদা পেস্ট ২ চা-চামচ, কাঁচা মরিচ ৪টি, তেজপাতা ২টি, দারুচিনি ২টি, এলাচ ২টি, লবঙ্গ ৪টি, কেওড়া জল ৩ টেবিল চামচ, কাজু বাদাম ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন: প্রথমেই ঝরঝরে পোলাও তৈরি করার জন্য চাল ধুয়ে তা ঝরিয়ে রাখুন রান্না করার ১/২ ঘণ্টা আগেই। এবার শাহি পোলাও তৈরি করার জন্য চুলায় বসিয়ে দিন একটি সসপ্যান।

সসপ্যান হালকা গরম হয়ে এলে তাতে তেল ও ঘি দিয়ে দিন। এরপর তাতে আলু বোখরা, কিশমিশ, কাঁচা মরিচ বাদে সব উপকরণ দিয়ে দিন। বাদামি করে ভাজার পর রান্নায় এর ফ্লেভার চলে এলে তাতে দিয়ে দিন আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখা পোলাওর চালগুলো।

পোলাওর চাল হালকা বাদামি হয়ে এলে তাতে দিয়ে দিন গরম পানি। মনে রাখবেন, চাল ভেজে বাদামি করা না হলে পোলাও ঝরঝরে হবে না আবার খেতেও সুস্বাদু হবে না। পানি দেওয়ার সময় সবসময় চালের দ্বিগুণ দিতে চেষ্টা করবেন।

বাজারে পাওয়া নতুন চালের পোলাও হলে এই পানির পরিমাণ আরও কমিয়ে দিন। রান্নায় পোলাওয়ের স্বাদ আরও বাড়াতে এই গরম পানির পরিবর্তে মুরগির মাংসের স্টকের পানি মেশাতে পারেন।

এ পর্যায়ে দিয়ে দিন কাঁচা মরিচ ও পরিমাণমতো লবণ। এবার মিডিয়াম আঁচে সসপ্যানে ঢাকনা দিয়ে অপেক্ষা করুন ১০ মিনিটের মতো। পানি এ পর্যায়ে পুরোপুরি শুকাবে না। তাই চালগুলোর সঙ্গে আলু বোখরা ও কেওড়ার জল ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে অপেক্ষা করুন পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত।

শিক কাবাব রেসিপি

প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে স্টিক কাবাব তৈরি করতে আপনার যা প্রয়োজন হবে তা হলো হাড়বিহীন মুরগির মাংস কিউব করে কাটা ২০ টি, আদা পেস্ট ১ চা চামচ, রসুন পেস্ট ১ চা চামচ, পেঁয়াজ পেস্ট ১ চা চামচ, সাদা ও কালো গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ, হলুদ গুঁড়ো ১/৩ চা চামচ, মরিচ গুঁড়ো ১/৩ চা চামচ, চিনি ১ চা চামচ, সয়াসস ১ চা চামচ, বুটের বেসন ৪ চা চামচ, লবণ পরিমাণমতো, তেল ৪ কাপ।

ডেকোরেশনের জন্য: রসুন কোয়া, গাজর, লাল ও হলুদ ক্যাপসিকাম। তবে আপনি চাইলে এখানে লেটুস পাতা, স্লাইস করা শসা ও টমেটোও নিতে পারেন।

যেভাবে তৈরি করবেন: স্টিক কাবাব তৈরি করতে প্রথমে সব উপকরণ দিয়ে মুরগির মাংসগুলো মেরিনেট করে নিন ৩ ঘণ্টা। এই পদ্ধতিতে আপনি চাইলে বেশি করে মুরগির মাংসের টুকরোগুলো মেরিনেট করে একটি এয়ার টাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। মাংস আগে থেকেই মেরিনেট করা থাকলে যেকোনো সময়েই আপনি তা ফ্রিজ থেকে বের করে স্টিক কাবাব তৈরি করে নিতে পারবেন।

মেরিনেট করা মাংসের টুকরোগুলো ডুবো তেলে ভাজার জন্য চুলায় একটি সসপ্যান বসিয়ে দিন। এতে তেল দিয়ে একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তেল গরম হয়ে গেলে এতে মাংসের টুকরোগুলো হালকা লাল করে ভেজে নিন। তবে খেয়াল রাখবেন সসপ্যান ছোট হলে একসাথে সব টুকরো ভাজবেন না। এতে খাবারের স্বাদ খানিকটা নষ্ট হবে।

ভাজা হয়ে গেলে ডেকোরেশনের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো সামান্য সরিষা তেলে হালকা বাদামি করে ভেজে নিন। এবার ভাজা মাংস, ভাজা টমেটো-শসা-ক্যাপসিকার-রসুন টুকরোগুলো স্টিকে পছন্দমতো গেথে নিন। এরপর স্টিক কাবাব রেডি হয়ে গেলে উপরে পছন্দমতো সস ব্রাশ করে নিন।

এ পদ্ধতিতে স্টিক কাবাব তৈরি করলে মাংস ভালো করে কুক হবে। খেতেও লাগবে ভীষণ টেস্টি।

Read Previous

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মালিক’

Read Next

ঈদযাত্রায় সড়কের চাপ কমাতে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি: বিজিএমইএ

Most Popular