লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরকে সামনে রেখে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি ড্রাফটের পূর্বেই তাদের ‘চুক্তিবদ্ধ’ খেলোয়াড়দের তালিকা ঘোষণা করেছে। বাকি স্কোয়াড পূরণ করা হবে আগামী ১ জুন কলম্বোয় অনুষ্ঠিত অফিসিয়াল প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে।
দুই বছর বন্ধ থাকার পর আগামী ১৭ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত কলম্বো, পাল্লেকেলে ও ডাম্বুলায় অনুষ্ঠিত হবে এবারের এলপিএল।
চলতি বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক সাহিবজাদা ফারহানকে দলে ভিড়িয়ে সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে ডাম্বুলা সিক্সার্স। পাকিস্তানি এই ব্যাটার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সাত ম্যাচে ৩৮৩ রান করেন, যেখানে ছিল দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি।
তার সঙ্গে দলে আছেন অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকান ওপেনার রিজা হেনড্রিকস এবং শ্রীলঙ্কার আন্তর্জাতিক ক্রিকেটার দীনেশ চান্দিমাল ও দুষ্মন্ত চামিরা। ফলে শক্তিশালী একটি কোর গড়ে তুলেছে ডাম্বুলা।
চারবারের চ্যাম্পিয়ন জাফনা কিংস দলে ভিড়িয়েছে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার তাসকিন আহমেদকে। এছাড়া স্থানীয় তারকা ভানুকা রাজাপাকসে ও দুনিথ ভাল্লালাগেকেও ধরে রেখেছে তারা।
২০২৩ সালের চ্যাম্পিয়ন ক্যান্ডি রয়্যালস ভারসাম্যপূর্ণ দল গড়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গা, মঈন আলি ও অ্যাঞ্জেলো ম্যাথিউসকে নিয়ে। এছাড়া সম্প্রতি অবসর নেয়া ভারতীয় অলরাউন্ডার বিজয় শঙ্করকে দলে ভিড়িয়েছে তারা, যার আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলের অভিজ্ঞতা দলকে বাড়তি গভীরতা দেবে বলে আশা করা হচ্ছে।
কলম্বো ক্যাপস বড় চমক দেখিয়েছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম ও অস্ট্রেলিয়ার হার্ডহিটার বেন ম্যাকডারমটকে দলে নিয়ে। তাদের সঙ্গে থাকছেন স্থানীয় তারকা কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস।
গল গ্যালান্টস দলে নিয়েছে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা, উদীয়মান পেসার এশান মালিঙ্গা এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাসি ফন ডার ডুসেনকে।
এবারের এলপিএলের লিগ পর্বে থাকছে ২০টি ম্যাচ। এরপর অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল। সব ম্যাচই হবে শ্রীলঙ্কার প্রধান ভেন্যু কলম্বো, পাল্লেকেলে ও ডাম্বুলায়।
আগামী ১ জুনের প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে পূর্ণাঙ্গ স্কোয়াড চূড়ান্ত করবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
প্রাক-চুক্তিবদ্ধ খেলোয়াড়দের পূর্ণাঙ্গ তালিকা:
কলম্বো ক্যাপস:
স্থানীয় আইকন: কুশল মেন্ডিস
স্থানীয় তারকা: কামিন্দু মেন্ডিস
বিদেশি আইকন: জিমি নিশাম
বিদেশি তারকা: বেন ম্যাকডারমট
ডাম্বুলা সিক্সার্স:
স্থানীয় আইকন: দুষ্মন্ত চামিরা
স্থানীয় তারকা: দীনেশ চান্দিমাল
বিদেশি আইকন: সাহিবজাদা ফারহান
বিদেশি তারকা: রিজা হেনড্রিকস
গল গ্যালান্টস:
স্থানীয় আইকন: দাসুন শানাকা
স্থানীয় তারকা: ইশান মালিঙ্গা
বিদেশি আইকন: রাসি ফন ডার ডুসেন
বিদেশি তারকা:
আরও পড়ুন: অস্ট্রেলিয়া সিরিজের জন্য জুনের প্রথম সপ্তাহে ক্যাম্প শুরু শান্ত-মিরাজদের
জাফনা কিংস:
স্থানীয় আইকন: ভানুকা রাজাপাকসে
স্থানীয় তারকা: দুনিথ ভাল্লালাগে
বিদেশি আইকন: সাকিব আল হাসান
বিদেশি তারকা: তাসকিন আহমেদ
ক্যান্ডি রয়্যালস:
স্থানীয় আইকন: ওয়ানিন্দু হাসারাঙ্গা
স্থানীয় তারকা: অ্যাঞ্জেলো ম্যাথিউস
বিদেশি আইকন: মঈন আলি
বিদেশি তারকা: বিজয় শঙ্কর
