যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধে জড়ানোর সম্ভাবনা ‘কম’: আইআরজিসি কর্মকর্তা

ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ফিরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে তারা সতর্ক করে বলেছে, যেকোনো আক্রমণের জবাব দিতে ইসলামী প্রজাতন্ত্র পুরোপুরি প্রস্তুত রয়েছে। ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনার মধ্যে আজ বুধবার (২৭ মে) আইআরজিসির এক শীর্ষ কর্মকর্তা এই মন্তব্য করেছেন।

যুদ্ধের অবসানে কাতারে শান্তি আলোচনার মধ্যে গত সোমবার (২৫ মে) গভীর রাতে ইরানের বন্দর আব্বাস ছাড়াও হরমুজ প্রণালী সংলগ্ন একাধিক জায়গায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। যাকে ‘আত্মরক্ষামূলক হামলা’ বলে দাবি করে মার্কিন সামরিক বাহিনী।

গত এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সবচেয়ে গুরুতর এই হামলার প্রতিক্রিয়ায় তেহরান ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতির ‘গুরুতর লঙ্ঘনের’ অভিযোগ করে। সেই সঙ্গে পাল্টা জবাব দিতে প্রস্তুত হুঁশিয়ারি দেয়। এতে পুরো অঞ্চলজুড়ে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তবে আজ বুধবার ইরানের আইআরজিসি-র এক শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদেহ জানিয়েছেন, আমেরিকার সঙ্গে ফের তেহরানের সংঘাতে জড়ানোর সম্ভাবনা কমই। সংবাদ সংস্থা তাসনিমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফের যুদ্ধের আশঙ্কা কম। কারণ শত্রুপক্ষ (আমেরিকা) দুর্বল হয়ে পড়েছে। তবে আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।’

ইরানের দীর্ঘ দক্ষিণ উপকূলের দুই প্রান্তের দুটি স্থানের নাম উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কোনো সন্দেহ নেই যে, চাবাহার থেকে মাহশাহর পর্যন্ত পুরো অঞ্চলকে আমরা আক্রমণকারীদের কবরস্থানে পরিণত করব।’

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেয়া এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার প্রভাব হারাচ্ছে। একই সঙ্গে তিনি আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে বলেন, যেন তারা যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর সুযোগ না দেয়।

তিনি আরও বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এখন আর এ অঞ্চলে নিরাপদ ঘাঁটি গড়ে আগ্রাসন চালানোর অবস্থায় নেই। প্রতিদিনই তারা আগের অবস্থান থেকে আরও দূরে সরে যাচ্ছে।’

Read Previous

এনসিপির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি: রাশেদ খান

Read Next

ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট তাইজুলের, মুশফিক-নাহিদরা কতটুকু এগোলেন

Most Popular