ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ব্যতিক্রমী এক কাণ্ড ঘটিয়েছেন এক মেডিকেল শিক্ষার্থী। দীর্ঘ ২০ বছর ধরে সমর্থন করা প্রিয় দল ব্রাজিলের জার্সি ছেড়ে গায়ে জড়িয়েছেন ফ্রান্সের জার্সি। আর দল বদলের এই ঘটনাটি তিনি উদ্যাপন করেছেন নিজের শরীরে গোলাপ জল ছিটিয়ে এবং উপস্থিত লোকজনকে মিষ্টি খাইয়ে।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের জিলা স্কুলের মাঠে এই অভিনব ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে ব্রাজিল দলের সমর্থক থাকা ওই শিক্ষার্থীর নাম আহমেদ সৌরভ। এদিন তিনি আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দল ত্যাগ করে ফ্রান্স দলের সমর্থক হিসেবে যোগ দেন এবং আনন্দ উল্লাস করেন।
খবর পেয়ে সকাল থেকেই জিলা স্কুল মাঠে অবস্থান নেন আর্জেন্টিনার সমর্থকরা। তাদের উদ্দেশ্য ছিল আহমেদ সৌরভকে নিজেদের দলে ভেড়ানো। কিন্তু সৌরভ ব্রাজিল ছেড়ে ফ্রান্সে যোগ দেন। তবে আর্জেন্টিনার সমর্থকরা জানান, সৌরভ তাদের দলে যোগ না দিলেও ব্রাজিল তো ছেড়েছেন, এতেই তারা অনেক খুশি।
ব্রাজিল থেকে ফ্রান্সে যোগ দেয়া আহমেদ সৌরভ বলেন, ‘দীর্ঘদিন যাবৎ ব্রাজিলের সমর্থক ছিলাম। ব্রাজিল ছেড়ে ফ্রান্সে যোগ দিলাম, আমি খুবই আনন্দিত। ভালো লাগছে। দীর্ঘ ২০ বছর ব্রাজিলকে ভালোবেসে তেমন কিছুই পাইনি, পেয়েছি কষ্ট, মানুষের কটূক্তি ও লাঞ্ছনা। এ কারণে খারাপ লাগার চেয়ে ভালোই লাগছে। ব্রাজিল ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর ভাবলাম এমন একটি দলকে বেছে নিতে হবে যে দলটি প্রতিযোগিতায় টিকে থাকার মতো; এ কারণে ফ্রান্স দলের সমর্থক হিসেবে যোগ দিলাম।’
আর্জেন্টিনা দলে যোগ না দেয়ার বিষয়ে সৌরভ আরও বলেন, ‘সকাল থেকেই আর্জেন্টিনার সমর্থক বন্ধুরা আমার কাছে এসেছিল তাদের দলে যোগ দেয়ার জন্য। কিন্তু ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যাব, এটা সম্ভব নয়। এ কারণে ভালোবেসে ফ্রান্সে যোগ দিলাম।’
আর্জেন্টিনার সমর্থক দোলন বলেন, ‘সৌরভ ব্রাজিল ছেড়ে দেবে, এ কারণে আমরা সকলেই তার কাছে গিয়েছিলাম আর্জেন্টিনা দলে যোগ দেয়ার জন্য। কিন্তু সে ফান্সে যোগ দিয়েছে। আর্জেন্টিনায় যোগ দেয়নি তাতে আমাদের কষ্ট লাগেনি, আমরা খুশি কারণ সে ব্রাজিল তো ছেড়েছে।’
