যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে রোববার (১৪ জুন) টেলিফোনে কথা বলেছেন ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের তথ্য অনুযায়ী, ফোনালাপে ট্রাম্পকে তার ৮০তম জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মস্কো-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করেন রুশ প্রেসিডেন্ট।
ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ জানান, প্রায় এক ঘণ্টার এই কথোপকথনে ট্রাম্প আবারও ইউক্রেন যুদ্ধের অবসানের আহ্বান জানান।
উশাকভ আরও বলেন, উভয় নেতা একমত হয়েছেন যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শিগগিরই আবার রাশিয়া সফর করবেন। এসময় পুতিন ট্রাম্পকে বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি বৈঠক করতে চান, তবে তাকে মস্কোতে আসতে হবে। তবে জেলেনস্কি এর আগে ধারাবাহিকভাবে এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, ট্রাম্প পুতিনকে জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বা যুদ্ধসংক্রান্ত একটি সমঝোতা খুব শিগগিরই হতে পারে এবং তা রোববারের মধ্যেই ঘোষণা করা হতে পারে।
এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও রোববার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। জানান, আলোচনার শুরুতে তিনিও ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
জেলেনস্কি বলেন, ‘আমাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বেশ বিস্তারিত আলোচনা হয়েছে, যার মধ্যে শান্তির বিষয়টিও ছিল।’
তিনি আরও বলেন, ‘আমরা একমত হয়েছি যে জি–৭ শীর্ষ সম্মেলনে আমাদের বৈঠকের সময় এ বিষয়ে আরও আলোচনা করা হবে।’
বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি–৭ এর বার্ষিক শীর্ষ সম্মেলন এ সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত হচ্ছে।
