মেসি যেদিন খেলা ছেড়ে দেবেন, আমরা তাকে ভীষণভাবে মিস করব: স্ক্যালোনি

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেই জাদুকরি পারফরম্যান উপহার দিলেন লিওনেল মেসি। ৩৮ বছর বয়সী মহাতারকার হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জাদুকরি ফুটবলে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক করা মেসি ভাসছেন প্রশংসার সাগরে। ম্যাচ শেষে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনি দলের অধিনায়কের পারফরম্যান্সের প্রশংসা করতে গিয়ে যেন ভাষাই খুঁজে পাচ্ছিলেন না। তিনি সরাসরি বললেন, ‘যেদিন সে ফুটবল খেলা ছেড়ে দেবে, সেদিন আমরা তাকে ভীষণভাবে মিস করব।’

স্ক্যালোনি বলেন, ‘আমি বাকরুদ্ধ। আমি তাকে শুভেচ্ছা জানিয়েছি, একটি চুমু দিয়েছি এবং বলেছি যে আমি তাকে খুব ভালোবাসি। কারণ তাকে আর কী বলব বুঝতে পারি না। শুধু সে যে গোল করে তা নয়, মাঠে ও দলের মধ্যে সে যা ছড়িয়ে দেয়, সেটাও অসাধারণ। যেদিন সে থাকবে না, আমরা তাকে খুব মিস করব। তাই এখন আমাদের উচিত তাকে উপভোগ করা, কারণ সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ক্যানসাস সিটিতে ৩-০ ব্যবধানে জয়ের পর মেসি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে আসেন, দুজনেরই গোলসংখ্যা ১৬।

মেসির পারফরম্যান্স নিয়ে আরও কথা বলতে গিয়ে স্কালোনি বলেন, ‘এটা এমন নয় যে আমি তার কাছ থেকে এমন কিছু আশা করিনি। সে তো গত ২০ বছর ধরেই একই কাজ করে যাচ্ছে। আমি মনে করি শুধু আর্জেন্টাইন সমর্থকরাই নয়, ফুটবল ভালোবাসে এমন সবাই তাকে খেলতে দেখতে চায়।’

ম্যাচ সম্পর্কে নিজের মূল্যায়নে স্কালোনি সন্তুষ্টি প্রকাশ করলেও মনে করেন স্কোরলাইন পুরো চিত্রটা তুলে ধরেনি।

তিনি বলেন, ‘স্কোরলাইন দেখে ম্যাচটাকে সহজ মনে হতে পারে, কিন্তু এটি ছিল কঠিন একটি লড়াই, যেখানে অনেক উত্থান-পতন ছিল। এটি ছিল আমাদের প্রথম ম্যাচ, আর প্রতিপক্ষও ভালো দল। তারা ভালো খেললে আমাদের রক্ষণ সামলাতে হয়। প্রতিপক্ষও খেলে, সেটি আমাদের বুঝতে হবে। সব সময় বল নিজেদের দখলে রাখা বা প্রতিপক্ষকে চেপে রাখা সম্ভব নয়। উন্নতির জায়গা সব সময়ই থাকে, তবে এই দল যখন হাতা গুটিয়ে লড়াই করে, তখন তারা সব সময়ই সাড়া দেয়।’

Read Previous

দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Read Next

দেশে যত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular