মুন্সীগঞ্জের লৌহজংয়ে সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয় তারা।
বুধবার (১৮ জুন) দিবাগত রাত আনুমানিক রাত ২টার দিকে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সোহেল মুন্সী ওই গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল মুন্সী তার বসতবাড়ির পূর্ব পাশের ঘরে একাই ঘুমাতে যান। তার স্ত্রী নুপুর বেগম কিছুদিন আগে সন্তান প্রসব করায় তিনি শাশুড়ি সেফালি বেগমের সঙ্গে পাশের অন্য একটি ঘরে ঘুমাচ্ছিলেন।
রাত ২টার দিকে বাড়ির উঠানে আকস্মিক শব্দ শুনতে পেয়ে সোহেল মুন্সীর মা ও স্ত্রী ঘুম থেকে জেগে ওঠেন। তারা ঘর থেকে বের হয়ে দেখতে পান, উঠানে সোহেলের ব্যবহৃত মোটরসাইকেলটি দাউদাউ করে জ্বলছে। আর পাশে সোহেল মুন্সীর রক্তাক্ত নিথর দেহ। তাদের আর্তচিৎকার আশপাশের লোকজন ছুটে আসে। তবে দুর্বৃত্তরা এর আগেই পালিয়ে যায়।
দুষ্কৃতিকারীরা সোহেলকে ঘুম থেকে ডেকে বাইরে এনে বাড়ির উঠানেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর কাটা জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, অপরাধীদের গ্রেফতার এবং এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের উচ্চ পর্যায়ের টিম কাজ করছে। পুলিশের কয়েকটি টিম মাঠে নেমেছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
