রাজধানীর গণপরিবহন পরিচালনায় আসছে পরিবর্তন, যেভাবে হবে বাস চলাচল

নতুন সিদ্ধান্তের আলোকে রাজধানী ঢাকার গণপরিবহন পরিচালনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাস মালিকদের নিয়ে আলাদা কোম্পানি গঠন করে গণপরিবহন পরিচালনা করা হবে। নির্দিষ্ট মান, একই রঙ, ফিটনেস ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে ঢাকার প্রতিটি রুটে বাস চলাচল করবে।

তিনি আরও বলেন, ঢাকায় একই রুটে বিভিন্ন মালিকের বাস আলাদাভাবে পরিচালিত হওয়ায় অস্বাস্থ্যকর প্রতিযোগিতা সৃষ্টি হয়। এতে বাসগুলো নির্দিষ্ট টার্মিনালে না থেমে যত্রতত্র যাত্রী ওঠানামা করায় যানজট ও বিশৃঙ্খলা বাড়ে। এ ব্যবস্থা পরিবর্তন করা হবে।

মন্ত্রী রবিউল আলম বলেন, বাস নির্দিষ্ট রুটে চলবে, নির্ধারিত টার্মিনাল ও স্টপেজে থামবে এবং সেখান থেকেই যাত্রী ওঠানামা করবে। বর্তমানে যেখানে-সেখানে যাত্রী ওঠানামার যে অনিয়ম চলছে, তা আর চলতে দেয়া হবে না।

তিনি আরও বলেন, সড়কে ইলেকট্রিক যানবাহনকে উৎসাহিত করা হচ্ছে এবং এ বিষয়ে অনেক দূর অগ্রগতি হয়েছে। কোন রুটে কোন কোম্পানি পরিচালনা করবে, তা নির্ধারণেও বাস মালিকরা কাজ করছেন।

বিএসআরএফের সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

Read Previous

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ

Read Next

স্পিকারকে নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন এমপিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular