নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড

বিশ্বকাপে নিজেদের ইতিহাসের নতুন অধ্যায় লেখার সুযোগ সামনে স্কটল্যান্ডের। বুধবার (২৪ জুন) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে তারা।

প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল স্কটল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে একই ব্যবধানে হেরে কিছুটা চাপে পড়ে যায় স্টিভ ক্লার্কের দল। ম্যাচের ৭০ সেকেন্ডেই ইসমাইল সাইবারির করা গোলেই হেরে যায় স্কটিশরা। যদিও দ্বিতীয়ার্ধে দারুণ লড়াই করেও তারা গোলের দেখা পায়নি।

তবু নকআউট পর্বে ওঠার আশা এখনও বেঁচে আছে স্কটল্যান্ডের। ব্রাজিলকে হারাতে পারলে নিশ্চিতভাবেই গ্রুপের শীর্ষ দুই দলের একটি হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেবে তারা। ড্র করলেও পরের পর্বে ওঠার সম্ভাবনা থাকবে।

অন্যদিকে, ব্রাজিলও আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচে জোড়া গোল করেন মাতেউস কুনিয়া, আর একটি গোল করেন ভিনিসিউস জুনিয়র। বিশ্বকাপ ইতিহাসে এটি ছিল ব্রাজিলের ৪১তম ম্যাচ, যেখানে তারা অন্তত তিনটি গোল করেছে।

গ্রুপসেরা হওয়ার দৌড়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে সেলেসাওরা। মরক্কোর ফলের সমান বা ভালো ফল করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে যাবে তারা।

তবে দলটি কিছুটা ধাক্কাও খেয়েছে। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না উইঙ্গার রাফিনিয়া। তার জায়গায় তরুণ রায়ানকে দেখা যেতে পারে। যদিও দীর্ঘদিন পর সুস্থ হয়ে দলে ফিরেছেন নেইমার, তবে তাকে শুরুর একাদশে রাখার সম্ভাবনা নেই বললেই চলে।

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের অতীত রেকর্ডও দুর্দান্ত। দুই দলের আট দেখায় ছয়টিতে জিতেছে ব্রাজিল, ড্র হয়েছে দুটি। এবারও ফেবারিট সেলেসাওরা, কিন্তু ইতিহাস গড়ার স্বপ্নে উজ্জীবিত স্কটল্যান্ড তাদের কঠিন পরীক্ষায় ফেলতে প্রস্তুত।

স্কটল্যান্ডের সম্ভাব্য একাদশ:
গুন, প্যাটারসন, হেন্ড্রি, হ্যানলি, রবার্টসন, টিয়ার্নি, ক্রিস্টি, ফার্গুসন, ম্যাকটোমিনে, ম্যাকগিন ও অ্যাডামস

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
অ্যালিসন, দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস, ব্রুনো গিমারায়েস, ক্যাসেমিরো, রায়ান, পাকেতা, ভিনিসিউস জুনিয়র ও মাতেউস কুনিয়া।

Read Previous

স্কটল্যান্ডের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ, জায়গা পাবেন নেইমার?

Read Next

প্রবাসীদের জন্য বিশেষ অ্যাকাউন্ট সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular