কুমিল্লায় স্কুলের টিফিন বিরতিতে বের হয়ে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

স্কুলের টিফিন বিরতিতে খাবার কিনতে বের হয়েছিল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তার জীবনে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ ও গুলিবর্ষণের মধ্যে পড়ে পিঠে গুলিবিদ্ধ হয় সে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কুমিল্লা নগরীর কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইথান ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধে জড়িয়ে রয়েছে দুটি পক্ষ। বুধবার রাত থেকে উত্তেজনা শুরু হয়ে দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়। এ সময় এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে পুলিশ মোতায়েন করা হয়।

রাতের ঘটনার প্রতিবাদে এবং এলাকায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে বৃহস্পতিবার সকালে কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে, মানববন্ধনের পর দুপুরে একদল অস্ত্রধারী ব্যক্তি মানববন্ধনের আয়োজক ও অংশগ্রহণকারীদের লক্ষ্য করে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন।

এ সময় স্কুলের টিফিন বিরতিতে বাইরে বের হওয়া ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ইথানের মা সোনিয়া আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে স্কুলের বিরতির সময় টিফিন খেতে বের হয়েছিল। তখন তার পিঠে গুলি লাগে। তাকে কুমিল্লা মেডিকেলে নেওয়া হয়েছিল, কিন্তু পরে ঢাকায় পাঠানো হয়েছে। আমার ছেলে কোনো দোষ করেনি, সে শুধু স্কুলে পড়তে গিয়েছিল।’

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ ও র‍্যাব যৌথভাবে অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। গুলিবিদ্ধ শিক্ষার্থী স্কুল থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পথে আহত হয়েছে বলে আমরা জেনেছি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

Read Previous

রাতের মধ্যে ১৭ জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

Read Next

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular