হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৩ শিশুর

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৪৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু, আর হামের লক্ষণ বা উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৬৫২ জন।

বুধবার (৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো শিশুর নিশ্চিত হামে মৃত্যু হয়নি। তবে এই সময়ে সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৫২ জন। সব মিলিয়ে হাম-সংশ্লিষ্ট কারণে মৃত্যুর সংখ্যা সাড়ে সাতশর কাছাকাছি পৌঁছেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১০৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন আরও ৭৯৬ জন।

সরকারি হিসাব বলছে, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ হাজার ২৭০ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ হাজার ৬২৮ জন। বাকিরা এখনও চিকিৎসাধীন।

চিকিৎসকরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো শিশুদের হামের টিকা না দেয়া এবং পুষ্টিহীনতার কারণে জটিলতা ও মৃত্যুঝুঁকি বাড়ে। বর্তমান পরিস্থিতিতে শিশুদের টিকার আওতা বাড়ানো এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Read Previous

ট্যাঙ্কারে হামলার জেরে ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল যুক্তরাষ্ট্রের

Read Next

চা এবং চকলেট একসাথে খেলে কী ঘটে শরীরে?

Most Popular