কান্নায় ভেঙে পড়া মেসিকে দেখে পুরোনো স্মৃতি টানলেন অঁরি

মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর লিওনেল মেসির চোখের জল যেন নতুন করে মনে করিয়ে দিল তার অদম্য মানসিকতার গল্প। ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আর সেই ম্যাচের পর মেসিকে নিয়ে বিশেষ স্মৃতিচারণ করেছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ থিয়েরি অঁরি।

ম্যাচের শুরুটা মোটেও ভালো ছিল না মেসির। পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্ট করেন, খেলাতেও ছিলেন কিছুটা নিস্তেজ। কিন্তু শেষ ১৫ মিনিটে যেন বদলে যান আর্জেন্টাইন অধিনায়ক। প্রথমে ক্রিস্টিয়ান রোমেরোর গোলে অ্যাসিস্ট করেন, এরপর নিজেই সমতাসূচক গোল করে ম্যাচে ফেরান দলকে। শেষ পর্যন্ত এনজো ফার্নান্দেজের গোলে অবিশ্বাস্য জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন ৩৯ বছর বয়সি মেসি। সেই দৃশ্যই ফিরিয়ে আনে অঁরির বার্সেলোনা দিনের স্মৃতি।

ফক্স সকারে বিশ্লেষণ করতে গিয়ে ফ্রান্সের কিংবদন্তি বলেন, ‘লিওকে কখনো রাগিয়ে তুলো না। অনুশীলনে দেখেছি, কোনো কোচ ফাউল না দিলে সে হঠাৎই বদলে যেত। চোখের চাহনি পাল্টে যেত, তারপর একের পর এক তিনটি গোল করত, বল ছিনিয়ে আবার গোল করত। এরপর শুধু বলত-পরেরবার ফাউলটা দিও।’

অঁরির মতে, মেসির সবচেয়ে বড় শক্তি শুধু তার প্রতিভা নয়, বরং প্রতিকূল পরিস্থিতিতে আরও ভয়ংকর হয়ে ওঠার মানসিকতা। পেনাল্টি মিসের হতাশা ঝেড়ে ফেলে যেভাবে দলকে জয়ের পথে নেতৃত্ব দিয়েছেন, সেটিই আবারও প্রমাণ করেছে কেন তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়।

Read Previous

শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী

Read Next

ট্যাঙ্কারে হামলার জেরে ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল যুক্তরাষ্ট্রের

Most Popular