চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের এরইমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ওই বিষয়ের ভুল প্রশ্নগুলোর জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
পাশাপাশি বৈরী আবহাওয়াসহ অনিবার্য কারণে দেশের যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য বিশেষ সুযোগ দেয়ার ঘোষণাও দেন তিনি।
শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, ‘আমি আবারও আশ্বস্ত করছি, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে।’ এ সময় তিনি জানান, এই ভুলের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে এরইমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সংসদে দেয়া বিবৃতিতে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ নিয়ে মন্ত্রী আরও জানান, সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন। কিন্তু সম্প্রতি ভারি বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচটি জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) পরীক্ষা স্থগিত করা হয়। এই বোর্ডের বাইরেও দেশের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও নানা অনিবার্য কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।
এসব শিক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনা করে মন্ত্রী জানান, প্রতিকূল আবহাওয়া কিংবা অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারিত একই তারিখ ও সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ হওয়ায় বিশেষ বিবেচনায় এই সুযোগ দেয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
