শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুরু হচ্ছে, ‘বাঁশরী নজরুল নাট্যোৎসব ২০২৬’। চার দিনব্যাপী এ উৎসবে পরিবেশিত হবে কবি নজরুল ইসলামের রচনা থেকে দশটি দলের দশটি নতুন নাটক। নাট্যশালার মূলহল এবং স্টুডিও থিয়েটার হলে আগামী ২৫ জুলাই থেকে শুরু হয়ে উৎসব চলবে ২৮ জুলাই পর্যন্ত। ‘জয় হোক জয় হোক শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক জয় হোক’ এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে নাট্যোৎসব আয়োজন করেছে নজরুল চর্চা কেন্দ্র ‘বাঁশরী’।

২৫ জুলাই বিকেলে উৎসবের উদ্বোধন করবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইসরাফিল শাহিন। বাঁশরী’র প্রতিষ্ঠাতা এবং সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। স্বাগত বক্তব্য প্রদান করবেন উৎসব সমন্বয়ক ও নাট্যনির্দেশক গোলাম সারোয়ার।

চার দিনব্যাপী নাট্যেৎসবে মঞ্চস্থ নাটকগুলো যথাক্রমে, সাজ্জাদ সাজু নির্দেশিত- বাঁশরী রেপার্টরি থিয়েটার প্রযোজিত নাটক ‘বনের মেয়ে পাখি’। গোলাম সারোয়ার নির্দেশিত-বাঁশরী রেপার্টরি থিয়েটার প্রযোজিত নাটক ‘আলেয়া’। সোনিয়া খান নির্দেশিত- বরিশাল শিশু থিয়েটার প্রযোজিত নাটক ‘পুতুলের বিয়ে’। ধীমানচন্দ্র বর্মণ নির্দেশিত- রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় প্রযোজিত নাটক ‘বউয়ের বিয়ে’। নূর হোসেন রানা নির্দেশিত-জেনেসিস লিটল থিয়েটার গ্রুপ প্রযোজিত নাটক ‘সকাল বেলার পাখি’। গোলাম সারোয়ার নির্দেশিত- বাঁশরী রেপার্টরি থিয়েটার প্রযোজিত নাটক ‘সেতু-বন্ধ’। শাহানা মনি নির্দেশিত- মাতৃভূমি কালচারাল একাডেমি বেলকুচি, সিরাজগঞ্জ প্রযোজিত নাটক ‘পুতুলের বিয়ে’। হাসান ফেরদৌস নির্দেশিত- বহর নাট্য নৃত্যদল প্রযোজিত ‘স্বামী-স্ত্রীর ঝগড়া’। নৌশিন নাওয়ার মাসুদ পৃথিবী নির্দেশিত- ভোর হলে কুষ্টিয়া প্রযোজিত নাটক ‘পুতুলের বিয়ে’। শামীমা আক্তার মুক্তা নির্দেশিত- মেঠোপথ থিয়েটার প্রযোজিত নাটক ‘হারাধনের বিয়ে’।

উৎসবে প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত মূল হল প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে রয়েছে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশনা। পরিবেশনায় থাকছেন বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী পরিষদ, কাব্য কুহক, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সম্বন্বয় পরিষদ, বাঁশরীর শিল্পীবৃন্দ, সুরনন্দন-নজরুল সংগীত চর্চা কেন্দ্র, গেন্ডারিয়া কিশলয় ললিতকলা কেন্দ্র, জেমস অফ নজরুল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী সংস্থা, গ্রহস্বর, কেন্দ্রীয় বাফা বুলবুল একাডেমি খিলগাঁও শাখাসহ আরও অনেক নজরুল গবেষণা প্রতিষ্ঠান। সব আয়োজনে সঞ্চালনায় থাকছেন টিটো মুন্সী ও আইরিন পারভীন লোপা।

উৎসব আয়োজন প্রসঙ্গে বাঁশরীর সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান বলেন, “নাট্যকার কবি নজরুল ইসলামের অগণিত নাটকের সঙ্গে দর্শক-শ্রোতাকে পরিচিত করে তুলবার ধারাবাহিকতায় এবারে দ্বিতীয়বারের মতো আমাদের এই বিশেষ ‘বাঁশরী নজরুল নাট্যোৎসব ২০২৬’ এর আয়োজন।”

উৎসব সমন্বয়ক ও নাট্য নির্দেশক গোলাম সারোয়ার বলেন, ‘লুপ্তপ্রায় লেটো শিল্প আঙ্গিকাকে নাগরিক সমাজে তুলে ধরা এবং কবি নজরুল ইসলাম যে কবি সংগীতজ্ঞ ঔপন্যাসিকের সমান্তরাল একজন অতি বড়মাপের নাট্যকার ছিলেন তার প্রকাশ ও বিকাশে এক শ্রদ্ধাপূর্ণ উপস্থাপনে আমাদের এই চার দিনব্যাপী নাট্যেৎসবের সব আয়োজন।’

Read Previous

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

Read Next

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular