দেশের চিকিৎসাসেবার মান বাড়াতে ও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নানা সমন্বিত পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী।
রোববার সাতক্ষীরা জেলা হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, দেশের স্বাস্থ্য খাতের বিদ্যমান সীমাবদ্ধতা দূর করে সেবা ব্যবস্থা আধুনিকায়নে ইতোমধ্যে একাধিক মেগাপ্রকল্প গ্রহণ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার প্রক্রিয়া চলমান রয়েছে। এর পাশাপাশি প্রতিটি জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালিসিস সুবিধা ব্যাপকভাবে সম্প্রসারণ করা হচ্ছে। তিনি বলেন, মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি এবং জেলা হাসপাতালগুলোতে ১০টি করে নতুন ডায়ালিসিস মেশিন স্থাপন করা হবে। উপজেলা পর্যায়ের ১০০ শয্যার হাসপাতালগুলোতে প্রয়োজনীয় টেকনিশিয়ান নিয়োগের মাধ্যমে ১০ শয্যার ডায়ালিসিস ইউনিট চালুর পরিকল্পনাও রয়েছে সরকারের।
হাসপাতালগুলোর সার্বিক ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি ফিজিওথেরাপি ও রোগ নির্ণয় সুবিধায় যুগান্তকারী পরিবর্তন আনা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ১০০ শয্যার কেন্দ্রগুলোতে পুরুষ ও নারীদের জন্য আলাদা ফিজিওথেরাপি সেন্টার স্থাপন করা হচ্ছে। এ ছাড়া রোগ নির্ণয় প্রক্রিয়া সহজতর করতে প্রতিটি উপজেলায় আধুনিক প্যাথলজি সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি ইউনিয়ন হেলথ কমপ্লেক্স ও ইউনিয়ন ফ্যামিলি প্ল্যানিং সেন্টারগুলোকে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে নতুন কাঠামোয় সাজিয়ে আধুনিকায়নের ঘোষণা দেন তিনি।
দেশে চিকিৎসক সংকটের কথা স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের বহু বছরের অবহেলা ও পর্যাপ্ত নিয়োগ না দেওয়ার কারণেই আজ সারা দেশে চিকিৎসকের ঘাটতি দেখা দিয়েছে। তবে এই সীমাবদ্ধতার মধ্যেও চিকিৎসকরা সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, চিকিৎসাসেবায় অবহেলা বা নিয়ম লঙ্ঘন কোনোভাবেই বরদাশত করা হবে না। পরিদর্শনের সময় বিনা নোটিশে এক বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ডা. সোহেল নামের এক চিকিৎসককে বরখাস্ত বা টার্মিনেট করার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে তালা উপজেলার স্থানীয় স্বাস্থ্যসেবা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী জানান, তালা হাসপাতালে নিরাপত্তা ত্রুটি ও চুরির ঘটনায় দায়িত্বরত সিকিউরিটি গার্ডকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এক চিকিৎসককে প্রত্যাহার বা ক্লোজড করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রান্তিক পর্যায় পর্যন্ত মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডাক্তার নিয়োগ এবং অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহ কার্যক্রম পর্যায়ক্রমে সারা দেশে বাস্তবায়ন করা হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী।
