সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে দ্রুত বিধিমালা প্রণয়ন এবং ক্ষতিকর ই-সিগারেট ও নিকোটিন পাউচের প্রভাব থেকে যুবসমাজকে রক্ষার জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর অবসর ভবনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডর্প)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রশাসক মোঃ ইসমাইল হোসেন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং কার্যকর তামাক নিয়ন্ত্রণ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার। বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখার বিষয়ে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। একটি সুস্থ ও উৎপাদনশীল জাতি গঠনে তামাকের ব্যবহার নিরুৎসাহিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

সচিব (অব.) মোঃ শামসুল আলম খান বলেন, ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে নিকোটিন পাউচ, গ্র্যানুলস এবং হিটেড টোব্যাকো প্রোডাক্টসের (এইচটিপি) ওপর কর আরোপ করায় এসব নতুন পণ্য বাজারে বৈধতা ও প্রসারের সুযোগ পাচ্ছে। ফলে কিশোর ও তরুণদের মধ্যে নিকোটিন আসক্তি বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে, যা মোকাবিলায় সময়োপযোগী নীতিগত পদক্ষেপ জরুরি।

কল্যাণ সমিতির পরিচালক মোহাম্মদ আলী মূল প্রবন্ধে জানান, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে তামাক ব্যবহারের হার সর্বোচ্চ (৩৫.৩ শতাংশ) এবং তামাকজনিত রোগে প্রতিবছর প্রায় ২ লাখ মানুষের অকালমৃত্যু ঘটে। ২০২৪ সালে তামাকের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা এই খাত থেকে প্রাপ্ত রাজস্বের দ্বিগুণেরও বেশি। তিনি তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে প্রয়োগ ও নতুন নিকোটিনজাত পণ্যের বিস্তার রোধের আহ্বান জানান।

সভায় বক্তারা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০২৬) সংশোধন করায় সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি, তামাকমুক্ত বাংলাদেশ গঠনে সমিতির সদস্যরা সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Read Previous

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash -এর চুক্তি স্বাক্ষর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular