কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে ভিত্তিহীন গুজব হিসেবে আখ্যায়িত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, এমন কোনো আলোচনা সরকারের নজরে আসেনি।
বুধবার (১২ আগস্ট) বিশ্ব যুব দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সংক্রান্ত কোনো তথ্যের সত্যতা নেই। সরকারের কাছে এমন কোনো খবর পৌঁছায়নি, তাই যে তথ্য কানে আসেনি তা আমলে নেওয়ার সুযোগ নেই।
একই অনুষ্ঠানে দেশের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। আগামীকাল মনোনয়নপত্র দাখিল করা হবে এবং আগামী ২০ তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের জনগণ একজন সর্বজনগ্রহণযোগ্য ও কাঙ্ক্ষিত ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি হিসেবে পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ-ভারত সম্পর্কের অগ্রগতি প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, ভারতীয় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন যে দুই দেশের মধ্যকার যেকোনো সমস্যা সমাধানের যোগ্য। তিনি এই বিষয়ে ইতিবাচক অগ্রগতির জন্য আশাবাদ প্রকাশ করেন।
